২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আলোচনায় চার রাজনীতিক

জেডি ভ্যান্স ও মার্কো রুবিও (ওপরে বাম থেকে ডানে), জন ওসফ ও পিট বুটিজেজ (নিচে বাম থেকে ডানে)
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে, ক্ষমতাসীন রিপাবলিকানদের ভরাডুবি আর বিরোধী ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ জয়ের পর, শুরু হলো ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি। দুই শিবিরে প্রার্থিতার দৌড়ে নাম এসেছে ৩২ নেতার। সম্ভাব্য প্রার্থী হিসেবে এরইমধ্যে মার্কিন ভোটারদের নজরে চার রাজনীতিক। রয়টার্স-ইপসোস জরিপে, হোয়াইট হাউজে যাওয়ার দৌড়ে আলোচনায়- রিপাবলিকান পার্টির জেডি ভ্যান্স ও মার্কো রুবিও এবং ডেমোক্রেটিক পার্টির জন ওসফ ও পিট বুটিজেজ। এমন পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক সংঘাতের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিভক্তি মেটানোর ডাক ডেমোক্র্যাট শিবিরে।

বিশ্ব রাজনীতির সবচেয়ে প্রতাপশালী দেশটির ৪৮তম রাষ্ট্রপ্রধান নির্বাচনের বাকি আরও দু’বছর। কিন্তু কেবলই মধ্যবর্তী নির্বাচন শেষ হলো বলে এখনই আলোচনায় সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীরা।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে, যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল- রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়েরও বাকি এক বছরের বেশি সময়। অর্থাৎ ভোটের ময়দানে অনেক নতুন প্রার্থীর আবির্ভাব এবং সময়ের সঙ্গে ভোটারদের মত পরিবর্তনের যথেষ্ট সুযোগ থাকছে। তাও হোয়াইট হাউজে যাওয়ার সম্ভাব্য দৌড়ে আগাম তৎপরতার মাধ্যমে ইতোমধ্যে মার্কিন ভোটারদের নজরে পড়েছেন দু’দলের চার রাজনীতিক।

আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেননি কেউই। কিন্তু ট্রাম্প প্রশাসনের দু’বছরে রিপাবলিকান দুই নেতা- মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় প্রায় প্রতিদিনই। পেছনে থাকলেও তালিকায় আছেন বর্তমান প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও।

অন্যদিকে ৩ নভেম্বরের নির্বাচনে জর্জিয়ার সিনেটর নির্বাচিত জন ওসফ এবং সাবেক মার্কিন পরিবহনমন্ত্রী পিট বুটিজিজ- দুই ডেমোক্র্যাট নেতা নতুন করে শিরোনামে আসতে শুরু করেছেন সাম্প্রতিক সময়ে। খানিকটা পিছিয়ে তালিকায় আছেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে হেরে যাওয়া সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও।

আরও পড়ুন:

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জেনিফার ললেস বলেন, ‘আগামী ১৮ মাসে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্যে অর্ধশত বা শতাধিক বিল পাস করলে এবং পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেগুলোতে ভেটো দিলে হয়তো ডেমোক্র্যাটদের শক্তিশালী অবস্থান তৈরি হবে। এর মাধ্যমে প্রমাণ হবে, তাদের নিজস্ব পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রয়েছে। তারা আইন পাসে সক্ষম হলেও রিপাবলিকান প্রশাসন তাতে বাধা দিয়েছে।’

সিএনএনের প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীর তালিকায় নাম আছে দু’দলের মোট ৩২ নেতার। রয়টার্স/ইপসোস জরিপ বলছে, রিপাবলিকান ভোটারদের সমর্থন বেশি রুবিও’র প্রতি, সামান্য পিছিয়ে ভ্যান্স। আর ডেমোক্র্যাট ভোটাররা এখনও তেমন আলাদা করে দেখছেন না কাউকেই। প্রতি পাঁচ ডেমোক্র্যাট সমর্থকের একজন বলছেন, সাবেক মন্ত্রী হলেও বুটিজিজকে চেনেন না তারা; ওসফকে সদ্য চিনছেন প্রতি তিন ডেমোক্র্যাট সমর্থকের একজন। দেশজুড়ে ১৭০০ প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে পরিচালিত, গেলো সোমবার শেষ হওয়া জরিপে ছিলেন দু’দলের প্রায় ৫০০ করে নিবন্ধিত ভোটার অংশ।

জেনিফার ললেস বলেন, ‘রিপাবলিকান নেতাদের বিরুদ্ধে তদন্ত করতেই ডেমোক্র্যাটরা বেশিরভাগ সময় কাটিয়ে দিলে ভিন্ন বার্তা পৌঁছাতে পারে ভোটারদের কাছে। এসব তদন্তের কিছু অবশ্যই যৌক্তিক এবং সম্ভবত প্রয়োজনীয়। কিন্তু এতে ডেমোক্র্যাটদের দেশ পরিচালনা আর সাধারণ মানুষকে ব্যয়বহুল জীবনযাত্রার সংকট থেকে বের করে আনার সক্ষমতার বার্তা মার্কিন জনগণের কাছে পৌঁছাবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।’

ইরান যুদ্ধসহ নানা বিতর্কিত পদক্ষেপের কারণে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে কম জনসমর্থন দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আলোচনা ও বিতর্ক তুঙ্গে দু’দলেই। ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের মধ্যে মতবিভেদের কেন্দ্রে- প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থান থেকে সরে নতুন নেতৃত্ব, নাকি তার পথ অনুসরণ- সে প্রশ্নে।

আরও পড়ুন:

অন্যদিকে নির্বাচনে রিপাবলিকানদের বড় ব্যবধানে পরাজিত করে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর আত্মবিশ্বাসী ডেমোক্র্যাটরা। কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে কতটা কঠোর অবস্থান নেয়া উচিত, বিশেষ করে তাকে অভিশংসনের উদ্যোগ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে দলটিতে। কৌশল বদলে, রাজনৈতিক সংঘাতের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের সাথে বিভক্তি মেটানোর ডাক উঠছে ডেমোক্র্যাট শিবিরে।

যুক্তরাষ্ট্র টেক্সাসের নবনির্বাচিত সিনেটর ও ডেমোক্র্যাট নেতা জেমস টালারিকো বলেন, ‘আমাদের মধ্যকার বিভেদে সেতুবন্ধন অপরিহার্য। পারস্পরিক সম্পর্কের বন্ধন মেরামত জরুরি। এসব সংস্কারের কিছু হয়তো ২০২৯ সালের আগে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিন্তু পরিবর্তনের জন্য মার্কিন জনতা আরও দুই বছর অপেক্ষায় থাকতে পারবে না। তাই আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত, তার নেতৃত্বের শেষ দুই বছরকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেকোনো প্রেসিডেন্টের শাসনামলের সবচেয়ে ফলপ্রসূ দুই বছরে পরিণত করা। রিপাবলিকান বা ডেমোক্র্যাট- যেকোনো পক্ষের রাজনৈতিক স্বার্থের চেয়ে এটি অনেক বড় এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, দলীয় রাজনীতির ঊর্ধ্বে।’

নির্বাচনের দু’বছর আগেই পাওয়া জনমতের চিত্র থেকে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দিচ্ছেন ডেমোক্রেটিক পার্টির কৌশলবিদরা।

এসএস