মানবতাবিরোধী অপরাধের মামলা: ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

চব্বিশের জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ ৮ আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে নিয়ে পলাতক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলো হলো— সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক টকশোতে সব হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন, তিনি আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন; তৎকালিন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন, ছাত্রলীগকে মাঠে নামিয়েছেন; অধ্যাপক জাফর ইকবাল আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলে হত্যায় সহযোগিতা করেছেন।

আট আসামির মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আ ক ম জামালউদ্দিন, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত গ্রেপ্তার রয়েছে। পলাতক আছেন অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান ও ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

এছাড়া, গাজীপুরে মাদ্রাসা অধ্যক্ষ আবুল হোসেনসহ ৭ জনকে গুমের ঘটনায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এসএইচ