নির্বাচনের ইশতেহারে বিএনপি প্রধান যে নয়টি প্রতিশ্রুতি দেয়, খাল খনন কর্মসূচি ছিলো তার অন্যতম একটি। সরকারে আসলে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বলে ইশতেহারে উল্লেখ করে বিএনপি। সরকার গঠনের পর প্রথম ধাপে পাইলটিং কর্মসূচির আওতায় ১৮০ দিনের মধ্যে এক হাজার কিলোমিটার খালের খননের কথা জানায় পানি সম্পদ মন্ত্রণালয়।
স্থানীয়রা জানান, ক্ষমতার দাপটে সরকারি জায়গা দখল করায় রাজধানীর খালগুলোর আজ এ বেহাল দশা।
এমন অবস্থায় ২০১৬ সালে করা ঢাকা জেলা প্রশাসনের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে রাজধানীতে মোট ৫৮টি খালের মধ্যে ৩৭টি খালই দখল হয়ে আছে। খাল দখলের পেছনে রাজনৈতিক দলগুলোকেই দায়ী করছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান।
আরও পড়ুন:
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকের মধ্যে বিএনপি-আওয়ামী লীগের লোক আছে। আর খালগুলো দখল করেছে প্রভাবশালী নেতারা। এটা শুধু ঢাকায় না সারা দেশের গল্পগুলো একই।’
বাস্তবতা হচ্ছে রাজধানীতে খাল খননের পূর্বে খাল পুনরুদ্ধার করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলছেন, যে-কোনো উপায়েই দখলকৃত খাল পুনরুদ্ধার করেই খনন কাজ শুরু করবে সরকার।
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘ঢাকার আশপাশে যেসব নদী আছে, সেগুলো খননও পুনরুদ্ধার করে আমরা যদি পানি নিষ্কাশন করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি ঢাকাকে একটি সুন্দর ঢাকায় পরিণত করতে পারবো। আর আমরা পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশের নদী খাল দখল মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশে রূপ দিতে পারবো।’
শুধু প্রতিশ্রুতির বুলি নয় রাজধানীতে খাল খনন কর্মসূচি সফল করতে হলে খাল খননে রাজধানীতে বাস্তবভিত্তিক পরিকল্পনা নেয়ার পরামর্শ দেন এ নগর পরিকল্পনাবিদ। আর রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে খাল দখল রোধ সম্ভব বলেও মনে করেন তিনি।
ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘বাংলাদেশে বাস্তবমুখী খাল খনন কর্মসূচি গ্রহণ করতে হবে। কোন এলাকাগুলোতে এখনও খাল আছে তা দখল মুক্ত করা। আরা যারা দখল করেছে তাদেরকে এমন শাস্তি দেয়া উচিত যেন ভবিষ্যতে কেউ খাল-নদী দখল করার করার সাহস না পায়।’
রাজধানীতে খাল খনন সফল করতে পানিসম্পদ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে সমন্বয় করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের।





