যশোরে ফ্যামিলি কার্ড বিতারণ কর্মসূচির উদ্বোধন করলেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতারণ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী
এখন জনপদে
দেশে এখন
0

যশোরে বিএনপির নির্বাচনি অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল (শনিবার, ১৬ মে) সন্ধায় চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪২ জন ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি।

চাঁচড়া ভাতুড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো ‘ফ্যামিলি কার্ড’ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগীরা। এসময় তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফ্যামিলি কার্ডের নির্ধারিত আড়াই হাজার টাকার মেসেজ পাওয়ার পর প্রধান অতিথিকে দেখিয়ে তার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ‘আজকের দিন আমাদের অত্যন্ত আনন্দের। নির্বাচনের আগে জনগণকে দেয়া সবচেয়ে বড় ওয়াদা (ফ্যামিলি কার্ড) পূরণ করতে সক্ষম হয়েছি আল্লাহর অশেষ রহমতে। আজকে যারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২ হাজার ৪২ জন মা-বোনেরা আড়াই হাজার টাকা করে পেলেন, এটি কেবল তাদের জন্য আনন্দের বার্তা বয়ে আনেনি, আমরা আমাদের রাজনৈতিক ওয়াদা রাখতে পেরেছি— এজন্য আমাদের জন্যও আনন্দের।’

আরও পড়ুন:

এসময় সদর উপজেলার ১৩৫টি এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম বিস্তৃত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বানও জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে— যে নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের সন্তানেরা অকতোরে জীবন দিয়েছিলো।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ।

এসএইচ