পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার
পাতলী খাল পুনঃখননের উদ্বোধন পরবর্তী সমাবেশে প্রধানমন্ত্রী
দেশে এখন
2

পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মাধ্যমে কক্সবাজারে প্রধানমন্ত্রী তার আজকের দিনের কর্মসূচি শুরু করলেন।

আজ (শনিবার, ১৩ জুন) সকাল সাড়ে ১০টা নাগাদ এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

এরপর সেখানে একটি সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে, সকাল সাড়ে ৮টায় তারেক রহমান ও তার সহধর্মিণী রাজধানীর গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সকাল ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারের মাটিতে পা রাখেন তারা।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর কর্মসূচি: সকালে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করে মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপনের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন, এরপর পেকুয়া উপজেলায় ২৪‘র জুলাই বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং শহিদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, তারপর নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকালে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান।

এরপর মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন এবং সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশের যোগদান করবেন প্রধানমন্ত্রী। পরে বিমানে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

উল্লেখ্য, দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যগরিষ্ঠতা অর্জন করলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরে কক্সবাজারে তারেক রহমানের এটি প্রথম সফর।

এসএইচ