জুলাই সনদের প্রতিটি চুক্তি সংসদে বিএনপি পাশ করে নেবে: জয়নুল আবদিন

সজিব হোসেন
নোয়াখালী
অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জয়নুল আবদীন ফারুক
দেশে এখন
0

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের যেসব চুক্তি হয়েছে, তার প্রতিটি সংসদে বিএনপি পাশ করে নেবে। কিন্তু জুলাই-আগস্টকে পুঁজি করে যারা বিনা কারণে অসত্য-বানোয়াট ও বিএনপির বিরুদ্ধে কথা বলবেন, সেগুলো জনগণ কখনো মেনে নেবে না।

আজ (শুক্রবার, ৩১ জুলাই) বিকেলে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা অনুযায়ী এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জয়নুল আবদিন বলেন, ‘যারা আমাদের জনগণের কাছে হেয় করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা আমাদের স্পষ্ট করে বলে দিয়েছেন যে, একাত্তর যেমন আমাদের মাথার মণি, তেমনি বাহান্নর ভাষা আন্দোলন, চব্বিশের জুলাই-আগষ্ট আন্দোলন। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিভ্রান্তি না ছাড়িয়ে, আসুন জুলাই-আগস্টে যারা রক্ত দিয়েছে, তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম জানাই।’

আরও পড়ুন:

সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব সহিদ উল্যাহর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার।

এছাড়া গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সেনবাগ উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারাও উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সব নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এসএইচ