গতকাল (মঙ্গলবার, ১০ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আজ (বুধবার, ১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় টিআইবি।
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কাজের মান যাচাই, কাজ বুঝে নেয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্যই তারা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেয়ার সুযোগ কোথায়?’
তিনি প্রশ্ন তোলেন, উপহার নেয়াকে বৈধ বলার মাধ্যমে প্রতিমন্ত্রী কি কার্যত ঘুষকে বৈধতা দিচ্ছেন এবং সরকারি কর্মকর্তাদের এমন অনিয়মে উৎসাহিত করছেন?
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানোর দায়িত্ব যাদের, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত সুবিধা নেওয়ার পরামর্শ দেয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে জানাতে হবে।
আরও পড়ুন:
দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারা, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধান উল্লেখ করে টিআইবি জানায়, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে নির্ধারিত পারিশ্রমিকের বাইরে কোনো সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। এসব আইনি বিধানের কোথাও দাপ্তরিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে ব্যক্তিগত সুবিধা নেয়ার অনুমোদন নেই।
এ ধরনের লেনদেনে স্বার্থের সংঘাতের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘একজন প্রকৌশলী যে ঠিকাদারের কাজ তদারক করেন, সেই ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের লেনদেন কাজের তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। একই চর্চা অন্য সরকারি দপ্তরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, আজ যে সুবিধাকে স্বেচ্ছায় দেয়া উপহার বলা হচ্ছে, ভবিষ্যতে তা নাগরিকের প্রাপ্য সেবা পাওয়ার ক্ষেত্রে ঘুষ আদায়ের অলিখিত শর্তে পরিণত হতে পারে।
প্রতিমন্ত্রীর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের প্রসঙ্গ উঠে আসায় তারও জবাবদিহি দাবি করেছে টিআইবি। ইফতেখারুজ্জামান বলেন, ‘ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তার পেশাগত সততা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এ ধরনের পরামর্শের মাধ্যমে সরকারি ব্যবস্থায় দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।’
বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে টিআইবি। একই সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।





