আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনও অপ্রতুল। এতে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি এসব দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়। নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তাও প্রয়োজন।’
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বরাদ্দ করা উচিত। পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।’
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। এছাড়া পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের ওপর গুরুত্ব দেন তারেক রহমান। এ লক্ষ্যে কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
বক্তব্যে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নেয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিশেষ কর প্রণোদনার আওতায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগও উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নেয়া হচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে জলাধার সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে।
উপকূলীয় এলাকায় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসা প্রয়োজন, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য।
তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের পর্যটননগরী আনতালিয়ায় সোমবার (৯ নভেম্বর) শুরু হয়েছে ১১ দিনব্যাপী কপ-৩১ সম্মেলন। এতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, গবেষক এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
তুরস্কের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করছেন দেশটির পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। অন্যদিকে, আলোচনাপর্বে সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন।
সম্মেলনের গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হচ্ছে ১১ ও ১২ নভেম্বর। এতে অংশ নিতে তুরস্কে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তিনি।
আগামী ২০ নভেম্বর শেষ হবে এবারের কপ-৩১ সম্মেলন।





