জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

কথা বলছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
দেশে এখন
0

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ঘোষণা ও প্রতিশ্রুতিকে বাস্তব ও কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে। বিশেষ করে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি।’

গতকাল (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর ব্লু জোনে অবস্থিত নেপাল প্যাভিলিয়নে ‘এলডিসি পার্লামেন্টারিয়ানস অ্যাট কপ৩১ : টার্নিং ক্লাইমেট ডিক্লারেশনস ইনটু অ্যাকশন’— শীর্ষক বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

কপ৩১-এ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সংসদ সদস্যদের এ বৈঠকে জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন ও দিলি ঘোষণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘জলবায়ু সংকট সৃষ্টিতে ঐতিহাসিকভাবে অধিক দায়ী দেশগুলোকে তাদের আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তুলনামূলকভাবে কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ এসব দেশের খাদ্যনিরাপত্তা, জীবিকা, কৃষি, অবকাঠামো ও টেকসই উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা অপরিহার্য।’

এসময় তিনি বলেন, ‘২০২৬ সালের এলডিসি দিলি মন্ত্রীপর্যায়ের জলবায়ু পরিবর্তনবিষয়ক ঘোষণা স্বল্পোন্নত দেশগুলোর অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকার আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এর লক্ষ্যগুলো বাস্তবায়নে কেবল আন্তর্জাতিক আলোচনা নয়, জাতীয় পর্যায়ে আইন প্রণয়ন, নীতি সংস্কার, বাজেট বরাদ্দ, জবাবদিহি ও কার্যকর তদারকির মাধ্যমে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

পরিবেশ প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জলবায়ু অর্থায়ন অবশ্যই উন্নত দেশগুলোর আন্তর্জাতিক প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অভিযোজন, প্রশমন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদানভিত্তিক ও সহজলভ্য অর্থায়ন বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে না দিয়ে অর্থায়ন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, ন্যায্য ও কার্যকর করতে হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার উদ্যোগে আন্তর্জাতিক সহায়তা বাড়াতে হবে।’

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়াকে বৈশ্বিক জলবায়ু লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এ রূপান্তর হতে হবে ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন চাহিদা ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উন্নত দেশগুলোকে এ ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন:

সংসদ সদস্যদের ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জলবায়ুবান্ধব আইন ও নীতি প্রণয়ন, সরকারি ব্যয়ের কার্যকর তদারকি, জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিতকরণ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংসদীয় সহযোগিতা বাড়ানো প্রয়োজন।’

তিনি বলেন, ‘কপ৩১-এর আলোচনা ও সিদ্ধান্ত যেন স্বল্পোন্নত দেশগুলোর বাস্তব চাহিদা প্রতিফলিত করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঘোষণার চেয়ে বাস্তবায়ন, প্রতিশ্রুতির চেয়ে কার্যকর পদক্ষেপ ও অর্থায়নের প্রতিশ্রুতির চেয়ে অর্থের প্রকৃত প্রাপ্যতা বেশি গুরুত্বপূর্ণ।’

‘পার্লামেন্টারিয়ানস ফর আ ফসিল-ফ্রি ফিউচার’ নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু আলোচক ও বিভিন্ন দেশের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।

নেপালের সংসদ সদস্য অর্জুন কার্কির সঞ্চালনায় বৈঠকে নেপালের কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা চৌধুরী, ফিলিপাইনের সংসদ সদস্য ও নেটওয়ার্কটির এশিয়াবিষয়ক স্টিয়ারিং কমিটির সদস্য সিয়েলো ক্রিসেল লাগম্যান, তিমুর-লেস্তের ইউএনএফসিসিসি ফোকাল পয়েন্ট অগুস্তো ম্যানুয়েল পিন্টো এবং দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিচালক কার্লোস কনসেইসাও আলোচনায় অংশ নেন।

বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে মতবিনিময় করেন।

এসএস