দিনের ব্যস্ততা শেষে নগরবাসী যখন ঘরে ফেরার পথে, ঠিক তখনই রাতের আঁধারে ফের অস্থির হয়ে উঠে রাজধানী ঢাকা। রাতে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটে।
প্রথমে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে একটি চলন্ত বাসে হঠাৎই আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
এই রেশ কাটতে না কাটতেই পল্লবীর সিরামিক রোড, মোহাম্মদপুরের বসিলা, বাড্ডা ও রামপুরা এলাকায় বেশ কয়েকটি বাসে আগুন দেয়া হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। সাধারণ মানুষের জানান, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাছাড়া রাতে তো চলাফেরা করা আরও ঝুঁকিপূর্ণ।
শুধু অগ্নিসংযোগই নয়, রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে কেঁপে ওঠে আরও কয়েকটি এলাকা। রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর, বসুন্ধরা, বাড্ডা, ওয়ারী, যাত্রাবাড়ীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিকট শব্দ আর ধোঁয়ায় পথচারী ও স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
পথচারী ও স্থানীয়রা জানান, শহরকে কিভাবে অস্থিতিশীল করা যায়, জনগণের মনে একটা ভয়ভীতি তৈরি করার চেষ্টা করছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এছাড়া নাশকতা ঠেকাতে রাজধানীর মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পুলিশের টহল ও তল্লাশি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা যথেষ্ট তৎপর আছি। আমাদের সিনিয়র কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি এবং আমাদের কয়েকটা জায়গায় চেকপোস্টের কাজ চলতেছে।’
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে সারা দেশে মোট ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা ও ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।





