বরকত উল্লা বুলুর পদত্যাগের খবর ‘সম্পূর্ণ গুজব’

মো. বরকত উল্লাহ বুলু
দেশে এখন
0

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর দল থেকে পদত্যাগের যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি দুষ্টচক্রের অপপ্রচার বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আজ (বুধবার, ১৮ নভেম্বর) শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রাত ও আজ সকাল থেকে বেশ কয়েকজন সাংবাদিক ফোন করে বরকত উল্লাহ বুলুর পদত্যাগের বিষয়ে জানতে চেয়েছেন। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব। প্রকৃতপক্ষে, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজ সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

দলের অপর ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টিও স্পষ্ট করেন শায়রুল কবির খান।

আরও পড়ুন:

তিনি উল্লেখ করেন, ড. ওসমান ফারুক এবং তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন, যা তিনি নিজেই একাধিকবার জানিয়েছেন। এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।

শায়রুল কবির বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নেতৃত্বকে অনাস্থা জানিয়ে কেউ পদত্যাগ করবেন এরকম কোনো সম্ভবনা নেই। এগুলো একটা চক্রের অসৎ উদ্দেশ্য অপপ্রচার।

এসএস