আবুল কালাম জানতে চান, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে, যার মূল কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানির অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহিদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক সিস্টেম চালুর ফলে আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে এবং দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমে এসেছে। এ প্রেক্ষিতে আমি ঢাকার সকল প্রধান সড়ক ও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক সিস্টেমের আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কিনা, তা জানতে চাই।
উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা তিন মাস আগেই দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে সেগুলো এখনো কার্যক্রম শুরু করেনি। আমরা আশা করছি, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘এই এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে ঢাকা শহরের যানজট পরিস্থিতির আরও উন্নতি হবে। চলাচলের উপযুক্ত হবে। মানুষের জন্য সুবিধা হবে। একই সঙ্গে যানজট তুলনামূলক অনেক কমে আসবে।’
বিশ্বের বড় ও জনবহুল শহরগুলোতে নির্দিষ্ট সময়ে যানজট থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ‘সকালে অফিস ও স্কুল শুরুর সময় এবং বিকেলে অফিস ও স্কুল ছুটির সময় দুই থেকে চার ঘণ্টার মতো যানজট থাকে। পৃথিবীর বড় শহরগুলোতে এমন চিত্র দেখা যায়। বাংলাদেশেও একই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। তারপরও সরকার চেষ্টা করছে, যাতে যানজট যতটুকু সম্ভব কমানো যায় এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা যায়।’
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা দেখেছি বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকিগুলো যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায়, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা আছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সাধারণ মানুষের যাতায়াত আরও সুবিধাজনক করতে মনোরেলের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তা করছে। মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে। সরকার মনে করে, মনোরেল চালু করা গেলে সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে আরও সুবিধা পাবেন।’





