আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

নাহিদ ইসলাম
এখন জনপদে
রাজনীতি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার জেলার সাংগঠনিক নেতাকর্মীদের নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত আঞ্চলিক সাংগঠনিক সভায় সরকারের কঠোর সমালোচনা করেছেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতাকর্মী ও সমন্বয়করা অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং বিভিন্ন ক্ষেত্রে অস্থিরতা বাড়ছে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

তিনি অভিযোগ করেন—বিএনপি সরকার দমন-পীড়নের নীতি অবলম্বন করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। সরকারের নীতির কারণে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে। একইসঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেশি—এ অজুহাতে দেশে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। অথচ প্রতিবেশী ভারতের বাজারে গ্যাসের দাম তুলনামূলক কম।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এটি একটি অজুহাতের সরকার।’

এসময় তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনায় কোনো দৃশ্যমান উন্নতি হয়নি।’

আরও পড়ুন:

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাংগঠনিক কমিটির প্রধান সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও উত্তরাঞ্চলের সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।

চার জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়।

এসএস