জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ; একাদশে থাকতে পারেন তিন পেসার

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

জোহানেসবার্গে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য একদিন আগে দলও ঘোষণা করেছে প্রোটিয়ারা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দুই দলই। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা পরিস্কার ফেভারিট হলেও কঠিন প্রতিপক্ষ হিসেবেই নিচ্ছে বাংলাদেশকে।

ঘরের মাঠে সিরিজ হেরে অনেকটা ব্যাকফুটে থাকা টাইগারদের এবারের মিশন দক্ষিণ আফ্রিকা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আট ম্যাচে তিন জয়ের বিপরীতে নাজমুল শান্তর দলের পরাজয় সমান তিনটিতে। ৪৫ শতাংশ জয় নিয়ে টাইগারদের অবস্থান ৫ নম্বরে।

এই ম্যাচে মুমিনুলের দলে ফেরা বাংলাদেশের ব্যাটিংয়ে বাড়াবে শক্তি, তবে দলটির ওপেনিংয়ে সমস্যার মধ্যে আবার বড় ধাক্কা সাদমানের না থাকা। তার শূন্যস্থান পূরণ করতে স্কোয়াডে জায়গা পেতে পারেন তরুণ মাহফিজুল ইসলাম রবিন। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বিবেচনায় তরুণ এই ব্যাটার এগিয়ে আছেন নাঈম শেখের চেয়ে।

দক্ষিণ আফ্রিকার পেস বান্ধব উইকেটে একাদশে জায়গা পেতে পারেন তিন পেসার। এক স্পিনারের সুযোগ মিললে তাইজুলের চেয়ে এগিয়ে থাকতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে মিডল অর্ডারে ভরসার নাম সিলেট টেস্টে আলো ছড়ানো তাওহীদ হৃদয়।

অন্যদিকে সাত ম্যাচে পাঁচ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা আছে দারুণ ছন্দে। শেষ সিরিজে অস্ট্রেলিয়াকে দুই-এক ব্যবধানে হারিয়ে ফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা স্বাগতিকরা একাদশও দিয়ে দিয়েছেন একদিন আগে। অস্ট্রেলিয়া সিরিজ থেকে এসেছে দুই পরিবর্তন। একাদশে ফিরেছেন ব্যাটার জুবায়ের হামজা এবং পেসার ডেন পিটারসেন।

এই ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক বাভুমার সামনে আছে নতুন রেকর্ড গড়ার সুযোগ। অধিনায়ক হিসেবে প্রথম ১৫ ম্যাচে ১৩ জয় নিয়ে অস্ট্রেলিয়ার লিন্ডসে হ্যাসেটের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করছেন বাভুমা। জোহানেসবার্গে জয় পেলে প্রথম ১৬ ম্যাচ বিবেচনায় টেস্টের সফলতম অধিনায়ক হবেন প্রোটিয়া ক্যাপ্টেন।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে টাইগাররা। যার মধ্যে ১৪ ম্যাচেই জয় দক্ষিণ আফ্রিকার। ৯টিতেই আবার ইনিংস ব্যবধানে। দুটি ম্যাচ হয়েছে ড্র, তাও বাংলাদেশের ঘরের মাঠে। তাই জোহানেসবার্গের এই ম্যাচে পুরোপুরি ফেভারিট হয়েই মাঠে নামছে স্বাগতিক দল। তবে অস্ট্রেলিয়া সিরিজের মতো নাজমুল শান্তর দলের থেকে ম্যাজিক্যাল কিছু দেখার অপেক্ষায় টাইগার সমর্থকেরা।

এএম