সাফ চ্যাম্পিয়নশিপকে প্রধান লক্ষ্য করে থমাস ডুলিকে জাতীয় দলের দায়িত্ব দেয় বাফুফে। হামজা-শোমিতসহ প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া শক্তিশালী দল পেয়েও বাংলাদেশের দীর্ঘ শিরোপা খড়া ঘোচাতে পারেননি যুক্তরাষ্ট্রের এ কোচ। আসরজুড়ে তার কৌশলগত ব্যর্থতা ও দল নির্বাচন নিয়ে এরইমধ্যে তৈরি হয়েছে সমালোচনার ঝড়। উঠেছে তাকে বরখাস্তের জোর দাবিও।
তবে কোচের ভবিষ্যৎ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে নারাজ বাফুফে। বরং ন্যাশনাল টিমস কমিটির বৈঠকের পরই ডুলির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম।
তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো প্রপার ডিসকাশন হয়নি। জাতীয় দল নির্ধারণ কমিটির মূল্যায়নের পরই সিদ্ধান্ত হবে। আমি অন্যদের হয়ে বলতে পারবো না। আমার তরফ থেকে বলতে পারি পজিটিভ ও নেগেটিভ। পজিটিভ দিক থেকে প্রথমেই বলি শ্রীলঙ্কার সঙ্গে যে খেলা উই হ্যাভ এ ফ্যান্টাস্টিক গেম। ওই ক্রেডিটটা আমি ওনাকে দিতে চাই। কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলায় আমার মনে হয়েছে তাদের দলগত কৌশল আমাদের থেকে বেশ ভালো ছিল। সো এটা নেগেটিভ।’
সাফের ব্যর্থতা ভুলে সামনে এগোতে চায় বাফুফে। আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে এখন থেকেই ছক কষতে চায় ফেডারেশন।
ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম বলেন, ‘জুনে যেহেতু সামার সিজন সে সময় ইউরোপে অনুশীলন করার চেষ্টা করবো আমরা। এর বাইরে যখন এএফসি ফিফার ক্যালেন্ডার পুরোপুরি লক হবে তখন আমরা সে অনুযায়ী সূচি করবো।’
এদিকে দেশের ফুটবল কোচরা মনে করেন, কেবল বিদেশি কোচ বা প্রবাসী ফুটবলার এনে সাময়িক সাফল্য পাওয়া গেলেও দীর্ঘমেয়াদী উন্নতি সম্ভব নয়। জাতীয় দলের টেকসই সাফল্যের জন্য ঘরোয়া ফুটবল লিগের মানোন্নয়ন সবচেয়ে জরুরি।
ফর্টিস এফসির কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন, ‘বিস্তর সাফল্য পেতে হলে আপনাকে লং টাইম প্ল্যানে যেতে হবে। আমাদের ইয়থ ডেভেলপমেন্ট বলতে কিছুই নাই। ক্লাব ইনফ্রাস্ট্রাকচারে যদি চিন্তা করি রুট লেভেল কিছুই নাই। গ্রাউন্ডস থেকে শুরু করে ক্লাবগুলোর লীগ খেলার ফ্যাসিলিটিজ কিছুই নেই। তে বলতে গেলে নামেই প্রফেশনাল ফুটবল লীগ হচ্ছে।’
হামজা-শোমিতদের হাত ধরে দেশের ফুটবলে যে উন্মাদনা তৈরি হয়েছিল, সাফের ব্যর্থতায় তাতে কিছুটা ভাটা পড়েছে ঠিকই। তবে সঠিক পরিকল্পনা আর ঘরোয়া লিগের অবকাঠামোগত উন্নয়নই পারে বাংলাদেশের ফুটবলকে সঠিক পথে ফিরিয়ে আনতে। এমনটাই বিশ্বাস ফুটবল সংশ্লিষ্টদের।





