বিশ্বকাপ ফাইনালে গুরুর নতুন পাঠ, নাকি শিষ্য চেনাবেন নিজের জাত?

লুইস দে লা ফুয়েন্তে ও লিওনেল স্কালোনি
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল দ্বৈরথ ছাপিয়ে আলোচনায় গুরু-শিষ্যের দ্বৈরথ। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মুখোমুখি হচ্ছেন তারই সাবেক শিক্ষক স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের। ফাইনালের আগে যদিও কেউ কাউকে ছাড় দিতে নারাজ।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর এবারের আসরের পর্দা নামতে যাচ্ছে দুই মহাদেশের দুই পরাশক্তির মহারণ দিয়ে। একদিকে বর্তমান বিশ্বকাপ ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন দুই প্রজন্মের দুই সুপারস্টার মেসি ও ইয়ামাল। তবে এ দুই সুপারস্টারের লড়াই ছাড়িয়ে উত্তাপ ছড়াচ্ছে গুরু-শিষ্যের লড়াই।

ফাইনালের আগে ফিফার এক অনুষ্ঠানে দেখা হতেই মঞ্চে উঠে একে অপরকে জড়িয়ে ধরেন দুই ফাইনালিস্ট কোচ। সম্পর্কে ছাত্র-শিক্ষক। দুই মাস্টারমাইন্ড প্রায় এক দশক পর দাঁড়িয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।

২০১৭ সালে স্পেন ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে দে লা ফুয়েন্তের ছাত্র ছিলেন স্কালোনি। মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও বাইরে সেই শ্রদ্ধা আর সম্পর্ক এখনো অটুট। তবে দু’জনই জানিয়ে দিয়েছেন, ফাইনালে আবেগ নয়, কথা বলবে ফুটবল।

আরও পড়ুন:

স্কালোনি জানান, আর্জেন্টিনার সমর্থকদের নিঃশর্ত ভালোবাসাই তাদের সবচেয়ে বড় প্রেরণা। আর ৩৯ বছর বয়সে লিওনেল মেসির আরেকটি ফাইনাল খেলাকে তিনি অবিশ্বাস্য অর্জন বলেই মনে করেন। আর হয়তো এ কারণেই গুরুর মুখোমুখি হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী স্ক্যালোনি।

লিওনেল স্কালোনি বলেন, ‘তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, কিন্তু ফুটবল নিয়ে আমি কী ভাবছি, সেটা জানেন না। আমরা জানি তারা কীভাবে খেলে, তারাও জানে আমরা কীভাবে খেলি। আশা করি ম্যাচটি দারুণ হবে।’

অন্যদিকে, দে লা ফুয়েন্তেও শিষ্যের প্রশংসা করতে কার্পণ্য করেননি। তার মতে, দু’জনের ফুটবল দর্শন, মূল্যবোধ ও চিন্তাধারার মধ্যে রয়েছে অনেক মিল। তবে সেই সম্পর্কের বাইরে স্পেনের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জয়।

দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা একে অপরকে ভীষণ সম্মান করি। আমাদের ফুটবল দর্শন, মূল্যবোধ ও নীতিতে অনেক মিল রয়েছে। তবে আমরা দুজনই প্রতিদ্বন্দ্বী, আর এই ফাইনালে মুখোমুখি হতে পেরে আনন্দিত।’

একদিকে ৩৮ ম্যাচ অপরাজিত স্পেন, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। র‌্যাংকিংয়েও দল দু’টি সবার ওপরে। মেসি-ইয়ামাল থেকে স্ক্যালোনি-ফুয়েন্তে দ্বৈরথই তাই নির্ধারণ করে দেবে, কাদের মাথায় উঠছে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট।

এসএইচ