নোয়াখালীতে মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী
মরদেহের প্রতীকী
এখন জনপদে
অপরাধ
0

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুহা (৭) নামে এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৯ নভেম্বর) বিকেলে উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার দ্বিতীয় জামাতের ছাত্রী ছিলো।

নিহতের মেঝো জেঠা আলতাফ হোসেন বলেন, ‘তাদের বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির পাশের সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মা্‌রাসায় পড়তো নুহা। সোমবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যায় সে। দুপুরে বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার মা্‌রাসায় চলে যায়। বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাহতাপুর গ্রামের একটি বাড়ির সড়কের পাশে ঘরের পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ড বা ধর্ষণেরও কোনো আলামত মেলেনি।’

তিনি আরও বলেন, ‘শিশুটির দাঁত কামড়ানো অবস্থায় ছিলো এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিলো। কেউ তাকে মারলে দাঁত কামড়ানো থাকবে না, মুখ দিয়ে লালা পড়বে না। তার মানে বিকল্প কোনো কিছু আছে। তবে তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে।’

এসএইচ