বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত মাহমুদুল হাসান সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণপাড়া গ্রামের মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে। সে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার ভাড়া বাসায় বসবাস করে এবং ছোট বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করে।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল নগরীর নতুন বাজার এলাকায় অবস্থিত আফরোজ খান মডেল স্কুলের পেছনের একটি গলিতে ওই যুবক দুই শিশু ছাত্রীর সামনে আপত্তিকর অশ্লীল অঙ্গভঙ্গি করে। বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ে।
আরও পড়ুন:
পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান নিশ্চিত করা হয়।
পরে বুধবার সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নির্জন গলি দিয়ে দুই শিশু ছাত্রী হেঁটে আসছে। এসময় এক ব্যক্তি এগিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে অশ্লীল আচরণ করে। পরে ওই দুই শিক্ষার্থী পাশ কাটিয়ে চলে যায়। অভিযুক্ত ব্যক্তিও তাদের পিছু নেয়।
আরও পড়ুন:
এ বিষয়ে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিকৃত যৌন আচরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি নজরে আসায় আসলে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গ্রেপ্তারকৃত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।





