মানিকগঞ্জে র‍্যাবের অভিযানে দালালচক্রের ১২ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি
অপরাধ
0

মানিকগঞ্জ জেলার সদর থানাধীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের ১২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দুপুরে র‌্যাব-৪, সিপিসি-৩ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আল মাসুদের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

গ্রেপ্তাররা হলেন— মোমেন মোল্লা (৪২), নাসির উদ্দীন (৩৫), পাপ্পু মিয়া (৩৭), হৃদয় চন্দ্র শীল (৩৭), রুমা বেগম (৩৩), লায়লা বেগম (৪০), আমেনা বেগম (৪২), রেনু বেগম (৪৫), জেলেনা আক্তার (৪০), সালমা আক্তার (৩৮), কাজলী আক্তার (৪৫) ও সেলিমা বেগম (৩২)। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

র‌্যাব-৪, সিপিসি-৩ সূত্রে জানা যায়, র‌্যাব গোপন সূত্রে জানতে পারে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল এলাকায় একটি চক্র চিকিৎসাসেবা প্রদানে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলো। এ চক্রের সদস্যরা সরকারি হাসপাতালে সেবা নিতে আসা অল্প শিক্ষিত গরীব ও অসহায় রোগীদের কম খরচে ভালো মানের চিকিৎসা ও বিভিন্ন টেস্ট করানোর প্রতিশ্রতি দিয়ে কৌশলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করতো। বিনিময়ে তারা ওই বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে টাকা পেতো।

আরও পড়ুন:

পরবর্তীতে র‌্যাব-৪ এর আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে অভিযান পরিচালনা করে দালালচক্রের ১২ জন সদস্যকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নেয় যে, বেসরকারি হাসপাতাল থেকে কমিশন পেয়ে সরকারি হাসপাতাল থেকে রোগীদের ভুল বুঝিয়ে কৌশলে বেসরকারি হাসপাতালে ভর্তি করাতো তারা।

গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএইচ