চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজন আটক

সারসহ আটক ট্রাক
এখন জনপদে
অপরাধ
0

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি নৌকা জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, চট্টগ্রাম থেকে ট্রাকে করে সার এনে পরে নৌপথে মিয়ানমারে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। আটক চারজনই চট্টগ্রামের বাসিন্দা।

আজ (বুধবার, ১২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে চরফ্যাশন উপজেলার বেতুয়া এলাকার মেঘনা নদীর তীরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. পারভেজ হোসেন (৩৭), মো. সিরাজ (৫৭), মো. সোহেল (২৮) ও মো. শাহারাজ। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ সার চরফ্যাশনের বেতুয়া মেঘনা নদীর তীরে আনা হয়। সেখানে সারগুলো একটি নৌকায় তোলার প্রস্তুতি চলছিল। পরে নৌপথে এসব সার মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন:

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে চরফ্যাশন থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করা হয়। একইসঙ্গে সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি নৌকা জব্দ করা হয়েছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে সারগুলো ট্রাকে করে এনে পরে নৌপথে মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রাকের চালক পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি।’

পুলিশ আরও জানায়, জব্দ করা ২৯৩ বস্তা সার কোথা থেকে আনা হয়েছে, এর প্রকৃত মালিক কারা এবং পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি জব্দ করা সার, ট্রাক ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এসএস