গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গোপালগঞ্জ
গ্রেপ্তারের প্রতীকী
এখন জনপদে
অপরাধ
2

গোপালগঞ্জ জেলার ১৫টির বেশি জায়গায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল (সোমবার, ১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে আজ (সোমবার, ১৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ১৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপালগঞ্জ জেলার সব থানায় প্রতিটি ৪৫ জন করে জনবলের ৪টি যৌথবাহিনী দলের মাধ্যমে (রিজার্ভসহ মোট ৩১৫ জন) এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন— সদর উপজেলাধীন সুক্তাইল গ্রামের ফারুক মোল্লা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি তার বিরুদ্ধে গোপালগঞ্জে সরকারবিরোধী কার্যকলাপ, ভাঙচুর নাশকতা ও অগ্নিসংযোগ সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তিনি মিছিল-সমাবেশে ওই ইউনিয়ন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ থেকে ১০ হাজার জন কর্মী সংগ্রহ করে গোপালগঞ্জ সদর এলাকায় সংগঠিত করেছেন।

আরও পড়ুন:

গ্রেপ্তার আরেক ব্যক্তি একই এলাকার অসিকুল সরদার। তিনি সুক্তাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি সম্প্রতি গোপালগঞ্জে বিভিন্ন মিছিল-সমাবেশ নাশকতার কাজের আয়োজক এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া মুকসুদপুর উপজেলায় অভিযান চালিয়ে শফিউল আলম ও কাইয়ুম শেখ নামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে উস্কানি দেয়া এবং সংগঠক ও আয়োজক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারদের কাছ থেকে মোট ৭টি মোবাইলফোন জব্দ করা হয়েছে, যা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় যৌথবাহিনী। এছাড়া গ্রেপ্তাররা সরকারবিরোধী কর্মসূচির সঙ্গে জড়িত ছিলো বলেও জানানো হয়।

এসএইচ