টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ
মামলার প্রতীকী
এখন জনপদে
অপরাধ
0

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত রোববার (২২ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা যায়, মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত টুঙ্গিপাড়া থানায় দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি নিয়ে সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এছাড়া খুনের উদ্দেশে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়।

এজাহার অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুটেরও অভিযোগ আনা হয়েছে।

একইসঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।—বাসস

এসএইচ