যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৮ শিশুর সাত জনই অভিযুক্তের সন্তান

সন্তানদের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ছবি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার সাউথ শ্রিভপোর্টে স্থানীয় সময় ভোরে পারিবারিক কলহের জেরে ৮ শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন এবং তিনি নিহত শিশুদের সাতজনের পিতা বলে পুলিশি তদন্তে উঠে আসে। তিন বাড়িজুড়ে ঘটা এ নৃশংস ঘটনায় নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে।

শ্রিভপোর্ট পুলিশ জানায়, ঘটনার মূল অভিযুক্তকে পুলিশ ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় মৃত উদ্ধার করেছে।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ওই হামলাকারী নিহত শিশুদের মধ্যে সাত জনের পিতা ছিলেন। সকাল ৬টার দিকে সিডার গ্রোভ এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওয়েস্ট ৭৯তম স্ট্রিটের দুটি বাড়ি এবং হ্যারিসন স্ট্রিটের একটি বাড়িতে পুলিশ শিশুগুলোর মরদেহ খুঁজে পায়।

শ্রিভপোর্ট পুলিশের কর্পোরাল ক্রিস বোরডেলন জানান, ঘটনাস্থলটি বেশ বিস্তৃত ছিলো এবং সেখানে একাধিক শিশুর মরদেহ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালানোর সময় একটি গাড়ি ছিনতাই করে। পুলিশ তাকে ধাওয়া করে বসিয়ার প্যারিশ পর্যন্ত নিয়ে যায়, সেখানে পুলিশি গুলিতে সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হন। লুইজিয়ানা স্টেট পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রিভপোর্টের মেয়র টম আর্সেনো। তিনি একে শ্রিভপোর্টের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে অভিহিত করেছেন। শ্রিভপোর্ট পুলিশ প্রধান ওয়েইন স্মিথ জানান, এমন হৃদয়বিদারক ঘটনার কোনো ভাষা নেই।

হাউস স্পিকার মাইক জনসনও এ হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চলতি বছরে এ পর্যন্ত অন্তত ১১৪টি গণগোলাগুলির ঘটনা ঘটেছে। তবে পুলিশ এখনো নিহত শিশু এবং হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করেনি। ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসএইচ