ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলি বিমান বাহিনীর ২ সদস্য অভিযুক্ত

ইসরাইলি যুদ্ধবিমান
বিদেশে এখন
0

ইসরাইলি বিমান বাহিনীর দুই সদস্যের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত, পুলিশ এবং সামরিক বাহিনীর যৌথ তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শত্রুরাষ্ট্রকে সহায়তা এবং স্পর্শকাতর তথ্য পাচারের মতো গুরুতর নিরাপত্তা অপরাধের অভিযোগ আনা হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি হারেৎজের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত দুই সদস্য বিমান বাহিনীর কারিগরি শাখায় কর্মরত ছিলেন। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে বিদেশি এজেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগের এবং অন্যজনের বিরুদ্ধে সেই যোগাযোগে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, অভিযুক্তরা জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন যে তারা শুরুতে অস্ত্রের বিষয়ে দেয়া নির্দিষ্ট কিছু কাজ করতে অস্বীকার করায় ইরানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে কর্মকর্তারা অভিযোগ করেছেন, পরবর্তীতে তারা নিজেরাই আবারও সেই যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের একজন ইরানি এজেন্টের কাছে যুদ্ধবিমানের সিস্টেম সংক্রান্ত সামরিক প্রশিক্ষণ সামগ্রী এবং একটি সামরিক ঘাঁটির বিভিন্ন স্থাপনা ও এলাকার ভিডিও চিত্র পাচার করেছেন। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এএম