নিরাপত্তা সতর্কতার মুখে সংক্ষিপ্ত হচ্ছে নিউ ইয়র্ক সফর; ট্রাম্পের সঙ্গে বৈঠক হচ্ছে না নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
0

সুনির্দিষ্ট নিরাপত্তা সতর্কতার মুখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর কাটছাঁট করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি নিউ ইয়র্কে কোনো রাতযাপন করবেন না এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়েই কয়েক ঘণ্টার মধ্যে দেশে ফিরে যাবেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানায়, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক পর্যালোচনার পর নেতানিয়াহুকে সফর সংক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়। গোয়েন্দা তথ্যে সুনির্দিষ্ট হুমকির বার্তা পাওয়ার পর তারা এই সুপারিশ করেন। নতুন সূচি অনুযায়ী, নেতানিয়াহু বুধবার রাতে ইসরাইল ত্যাগ করে বৃহস্পতিবার ভোরে নিউ ইয়র্ক পৌঁছাবেন এবং জাতিসংঘে ভাষণ দিয়ে সেদিনই দেশে ফিরবেন।

গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ধারাবাহিক লঙ্ঘনের প্রতিবাদে নিউ ইয়র্কে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতির মুখে এই সফর সংক্ষিপ্ত করা হল। এর এক দিন আগেই নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনিদের ওপর ‘ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী’ হিসেবে আখ্যা দেন। এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সফর কাটছাঁটের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর কোনো বৈঠক হচ্ছে না। নিউ ইয়র্কে দুজনের সময়সূচির অমিল থাকায় এই বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন ও ইসরাইলি সূত্র। এছাড়া টেক্সাসে ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে নির্ধারিত একটি বৈঠকও বাতিল করা হয়েছে, যদিও এর জন্য ইসরাইলি অগ্রবর্তী দল আগেই টেক্সাসে পৌঁছেছিল। ফলে নেতানিয়াহুর এই মার্কিন সফর কেবল জাতিসংঘে ভাষণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

এএম