ইউরোপের সঙ্গে সংঘাতের ইচ্ছা নেই; তবে ইউক্রেন নিয়ে ভাবছেন পুতিন

বিদেশে এখন
0

ইউরোপের কোনো দেশের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সামরিক সংঘাত বা যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের সঙ্গে পুনরায় শান্তি আলোচনার বিষয়ে মস্কো চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।

ইউক্রেনের পর ন্যাটো জোটের অন্য কোনো ইউরোপীয় ভূখণ্ডে রাশিয়া হামলা চালাতে পারে বলে পশ্চিমারা যে আশঙ্কা প্রকাশ করছিল, তা নাকচ করে দেন পুতিন। ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুতিন বলেন, ‘ইউরোপের অনেকেই মনে করেন রাশিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং সে কারণে তাদেরও যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। আমি আবারও জোর দিয়ে বলছি, ইউরোপের সঙ্গে কোনো ধরনের যুদ্ধ বা বৈরিতার প্রস্তুতি আমরা নিচ্ছি না।’

জার্মানি ও পোল্যান্ডসহ বেশ কিছু ইউরোপীয় দেশ সম্প্রতি মস্কোর বিরুদ্ধে ইউরোপের মাটিতে ড্রোন হামলা বা নাশকতা চালানোর পরিকল্পনার অভিযোগ তুলেছিল। তবে ক্রেমলিন এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

ইউক্রেনের সঙ্গে আবার শান্তি আলোচনায় বসার বিষয়ে পুতিন জানান, সব প্রস্তাবই টেবিলে রয়েছে এবং তা সম্ভব। তবে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যা করেছে, তার পর আমাদের কী পদক্ষেপ নেয়া প্রয়োজন, তা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে।’

—হিন্দুস্তানের প্রতিবেদনে অবলম্বনে

এএম