রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর দেশটির ১৫টির বেশি অঞ্চলে ইউক্রেনের ছোড়া ১ হাজার ১৯৮টি ড্রোন প্রতিহত করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদের একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আন্দ্রেই বোচারভ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেখানকার একটি বড় তেল শোধনাগারে আগুন জ্বলতে দেখা গেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, রাজধানীতে ৪৬৭টি ড্রোন আঘাত হেনেছে। চলতি বছর ইউক্রেন মূলত রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যাতে মস্কোর রপ্তানি আয় কমিয়ে যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা যায়।
অপর দিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওদেসায় শুক্রবার সকাল থেকে রুশ হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সামরিক প্রশাসন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বাহিনীর জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী একটি মালবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় ছয়জন আহত হয়েছেন। রাত ৩টার দিকে কিয়েভের কেন্দ্রস্থলের কাছে একটি বেসামরিক হাসপাতালে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং একজন আহত হন।
এই রক্তক্ষয়ী সংঘাত এমন এক সময়ে ঘটল, যখন যুদ্ধবিরতি কার্যকরে জোর দৌড়ঝাঁপ করছেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তারা।
আলোচনার টেবিলে ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে পুতিন সম্মত হয়েছেন বলে কুশনার দাবি করলেও শুক্রবার ক্রেমলিন তা সরাসরি নাকচ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, শান্তি প্রক্রিয়ায় অবদান রাখতে ইউরোপের প্রকৃত উদ্দেশ্য ও সদিচ্ছা স্পষ্ট হওয়ার পরই কেবল বর্ধিত পরিসরে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেবে মস্কো। এর আগে ইউক্রেনও আশঙ্কা প্রকাশ করেছিল যে দখলকৃত ভূখণ্ড ছাড়তে অস্বীকৃতি জানানোর বিষয়টি আড়াল করতেই ইউরোপকে আলোচনায় টানার কৌশল নিচ্ছে মস্কো।





