বাহরাইন ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি আঘাত

মঙ্গলবার প্রকাশিত সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে হরমুজ প্রণালিতে জ্বলতে থাকা একটি তেলের ট্যাংকার
বিদেশে এখন
0

শান্তিচুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসার মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বাহরাইন এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার কুয়েতেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এই হামলার তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার রাতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, শত্রুপক্ষের ড্রোন হামলা মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে। এ সময় জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, ‘যেসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার কারণে ঘটছে।’ তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে কিংবা এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানায়নি কুয়েতি বাহিনী।

এর আগে বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ইরানের ড্রোন হামলার দাবির কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের খবর দেয় ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা। তবে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমদ নাফিসি ইরনাকে বলেন, ‘কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো এলাকার ক্ষতি হয়নি।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রাণ সংস্থাগুলো পূর্ণ সতর্কাবস্থায় আছে বলেও জানান তিনি।

এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার জবাবে কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে ওই আঘাত হানা হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে এবং এতে মার্কিন সরঞ্জাম বা সেনাদের কোনো ক্ষতি হয়নি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, মার্কিন সামরিক ড্রোনের মাধ্যমে বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র-পরিচালিত রাডারে ড্রোন দিয়ে নিখুঁত অভিযান চালানো হয়েছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি থাকা বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এ সময় রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কয়েক সপ্তাহ বিরতির পর গত পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি ইরানের তৃতীয় ড্রোন হামলা। এএফপি জানায়, গত শুক্রবারের হামলাটি ছিল সেপ্টেম্বরের শুরুর দিকের পর উপসাগরীয় কোনো দেশে ইরানের প্রথম আঘাত। রয়টার্সের তথ্যমতে, ইরানের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর ওই হামলা চালানো হয়। দণ্ডপ্রাপ্তদের বেশির ভাগই শিয়া ধর্মীয় নেতা।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টার সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা প্রধান নৌপথগুলো থেকে মাইন সরিয়ে ফেলেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইরান। তেহরানের দাবি, জাহাজগুলোকে কেবল তাদের অনুমোদিত পথই ব্যবহার করতে হবে। এর জবাবে ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং ট্যাংকারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।

নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, এর আগে সোমবার ওমানের খাসাব থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে পানামার পতাকাবাহী তারা গ্যাস নামের আরেকটি ট্যাংকারে হামলা হলে সেটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। ভ্যানগার্ড এবং ভারতের বন্দরমন্ত্রী শুরুতে জানিয়েছিলেন, ২৪ জন ভারতীয়সহ জাহাজটির ২৫ নাবিকের সবাই নিরাপদে আছেন। কিন্তু পরে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি (ইউকেএমটিও) জানায়, জাহাজটিতে দ্বিতীয় দফায় হামলা হয়েছে এবং নাবিকদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে ভারতের বন্দরমন্ত্রী জানান, দ্বিতীয় হামলার পর নাবিকেরা জাহাজটি ছেড়ে চলে যান এবং একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। এছাড়া সোমবার ওমান উপকূলে পানামার পতাকাবাহী অন ফিনিক্স নামের আরেকটি ট্যাংকারে অজ্ঞাত একটি গোলা আঘাত হানে।

চলমান এই উত্তেজনার মধ্যে ওমানের রাজধানী মাসকাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জাহাজ চলাচলের নিরাপত্তা ও কূটনৈতিক বিকল্পগুলো নিয়ে আলোচনা করেছেন বলে ওমানের বার্তা সংস্থাগুলো জানিয়েছে। এদিকে সোমবার মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট পৌঁছেছে। আর বৃহস্পতিবার চীনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই বৈঠকের আলোচ্যসূচিতে ইরান যুদ্ধের বিষয়টিও রয়েছে।

এএম