সূত্রগুলো জানায়, মার্কিন ট্রেজারি দপ্তর এবং হোয়াইট হাউসের অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি (ওএসটিপি) এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। এয়ারবিএনবির মতো প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। গ্রাহকসেবায় নিজেদের এআই এজেন্ট পরিচালনার জন্য চীনের আলিবাবার তৈরি কিউওয়েন নামের এআই মডেল ব্যবহার করে এয়ারবিএনবি। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, এয়ারবিএনবির মতো কোম্পানিগুলোকে তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করতে হবে।
প্রশাসনের ভেতরে এই ধারণাটি কতটা সমর্থন পাচ্ছে কিংবা এটি আনুষ্ঠানিক কোনো বিধিমালায় রূপ নেবে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে রয়টার্সের মাধ্যমে প্রথম সামনে আসা এই বিবেচনাটি শক্তিশালী চীনা ওপেন-ওয়েট মডেলের বিস্তার ঠেকাতে প্রশাসনের নতুন প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে। এই মডেলগুলোর মূল উপাদান সবার জন্য উন্মুক্ত থাকে, যা যে কেউ ডাউনলোড ও নিজের মতো পরিবর্তন করে ব্যবহার করতে পারে। বিষয়টি নিয়ে মার্কিন সরকারের ভেতরে গভীর উদ্বেগ রয়েছে। এছাড়া এআই খাতে বড় ধরনের নিয়ন্ত্রণ আরোপের বিরোধিতা বজায় রেখেই জনসমক্ষে নাম প্রকাশ করে লজ্জায় ফেলার কৌশলের মাধ্যমে চীনা এআই ব্যবহার নিরুৎসাহিত করার পথ খুঁজছেন কর্মকর্তারা।
এ বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস, ট্রেজারি দপ্তর, আলিবাবা এবং ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। আর এয়ারবিএনবি মন্তব্য করতে রাজি হয়নি।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক কথিত চীনা গুপ্তচরের সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার দাবি ওয়াশিংটনে নতুন করে জোরালো হয়েছে। ওই ঘটনার পর চীনে এনভিডিয়ার এআই চিপ পাচারের ঘটনায় কোনো শাস্তি না হওয়ার বিষয়টিও সামনে এসেছে, যা চীনা প্রযুক্তিগত হুমকি দমনে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের নিজস্ব এআই প্রযুক্তির তুলনায় সস্তা ও যথেষ্ট কার্যকর হওয়ায় মার্কিন কোম্পানিগুলোর কাছে চীনের তৈরি ওপেন-ওয়েট মডেলগুলো জনপ্রিয় হয়ে উঠছে। তবে চীনবিরোধী কট্টরপন্থিদের আশঙ্কা, মুনশট এআইয়ের কিমি, ডিপসিক বা কিউওয়েনের মতো মডেলগুলো দিয়ে বেইজিং মার্কিন কোম্পানিগুলোকে প্রলুব্ধ করছে, যাতে তারা চীনা এআইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট গত জুলাইয়ে বলেছিলেন, মার্কিন মডেল থেকে ডিস্টিলেশন প্রক্রিয়ায় মেধাস্বত্ব চুরির প্রমাণ পাওয়া গেলে চীনা এআই কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিতে পারে ট্রাম্প প্রশাসন। শক্তিশালী নতুন এআই তৈরির খরচ কমাতে বড় মডেলের ফলাফল ব্যবহার করে ছোট এআই মডেলকে প্রশিক্ষণ দেয়ার প্রক্রিয়াকে ডিস্টিলেশন বলা হয়। এর আগে গত এপ্রিলে ওএসটিপির পরিচালক মাইকেল ক্রাটসিওসও একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি চীনের বিরুদ্ধে শিল্প পর্যায়ে মার্কিন এআই ল্যাবগুলোর মেধাস্বত্ব চুরির অভিযোগ তোলেন। এরপর বিদেশি অংশীদারদের কাছে চীনের এমন আচরণের বিষয়টি তুলে ধরতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নেতৃত্বে তৎপরতা শুরু হয়।
মার্কিন কর্মকর্তারা এখনো চীনা এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও বিষয়টি কংগ্রেসের নজরে এসেছে। হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান ও নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ড্রু গারবারিনো এবং চীনবিষয়ক হাউস সিলেক্ট কমিটির চেয়ারম্যান ও মিশিগানের রিপাবলিকান প্রতিনিধি জন মুলেনার চলতি বছর মার্কিন কোম্পানিগুলোতে চীনা এআই ব্যবহারের বিষয়ে তদন্ত শুরু করেছেন।
তারা এয়ারবিএনবির পাশাপাশি এআই কোডিং টুল কারসরের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানিস্ফিয়ারের কাছে চিঠি পাঠিয়েছেন। অ্যানিস্ফিয়ারের কম্পোজার ২ নামের এআই মডেলটি কিমির একটি সংস্করণের ওপর ভিত্তি করে তৈরি। এছাড়া ডোরড্যাশের কাছেও চিঠি পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জানিয়েছিলেন, অভ্যন্তরীণ ব্যবস্থার কিছু কাজ তারা কিমির মাধ্যমে সম্পন্ন করে। এ বিষয়ে মুনশট এআই, ডোরড্যাশ এবং অ্যানিস্ফিয়ারকে কিনে নেয়া প্রতিষ্ঠান স্পেসএক্স তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এআই ব্যবহারের তথ্য পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ওপেনরাউটারের হিসাব অনুযায়ী, গত অক্টোবরে টোকেন ব্যবহারের দিক থেকে সবচেয়ে জনপ্রিয় তিনটি মডেলই ছিল চীনের। এআই মডেলের প্রক্রিয়াকৃত তথ্যের একককে টোকেন বলা হয়। এমনকি খোদ মার্কিন সরকারও চীনা এআই মডেল ব্যবহার করেছে। গত সেপ্টেম্বরে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, অ্যানথ্রোপিকের প্রযুক্তি নকলের দায়ে ডেভেলপারের বিরুদ্ধে এফবিআইয়ের অভিযোগ থাকা সত্ত্বেও প্রস্তাবিত ফেডারেল বিধিমালা খোঁজার সুবিধার্থে একটি মার্কিন সরকারি ওয়েবসাইটে চীনের আলিবাবার এআই মডেল ব্যবহার করা হয়েছিল। এদিকে মার্কিন ওপেন-ওয়েট মডেলগুলোর মধ্যে মেটার মিউজ গ্লিমার, এনভিডিয়ার নেমোট্রন এবং রিফ্লেকশন এআইয়ের বিম উল্লেখযোগ্য।





