মিয়ানমারে সেনাবাহিনীর গণহত্যা আর যৌন সহিংসতার শিকার রোহিঙ্গারা কবে ফিরবেন নিজ দেশে, জানা নেই তাদের। কিন্তু এক দশক পরে হলেও তাদের অভিযোগকে যে আমলে নিয়েছে বিশ্ব সম্প্রদায়, সে খবরে উচ্ছ্বসিত কক্সবাজারে ঠাঁই নেয়া নিপীড়িত সংখ্যালঘুরা।
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচারিক আদালত- আইসিজে’র রায় সরাসরি শুনতে, বৃহস্পতিবার আশ্রয়কেন্দ্রের ভেতরে খোলা মাঠে বড় পর্দার সামনে জড়ো হন শত শত রোহিঙ্গা।
রোহিঙ্গাদের মধ্যে একজন বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতে উপস্থাপিত তথ্য ও সাক্ষ্যপ্রমাণে গুরুতর অপরাধগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির বিরুদ্ধে অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের পক্ষে মিয়ানমার সরকারের দেয়া তথ্য-প্রমাণ গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য বলে মনে করেননি আদালত।’
অন্য একজন বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট, কিন্তু এখনও নিজ দেশে ফেরার সুযোগ নেই আমাদের। এই রায়ের বাস্তবায়ন নিশ্চিতে সক্রিয় উদ্যোগ নিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।’
গাম্বিয়া মামলা দায়ের করার সাত বছর পর আসে আইসিজে’র বহু প্রতীক্ষিত এই রায়। কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করার ঘটনা বিশ্বে এটাই প্রথম। ফলে কক্সবাজারের বিস্তীর্ণ আশ্রয় শিবিরে থাকা ১২ লাখ রোহিঙ্গার জন্য এই রায় ঐতিহাসিক ঘটনা।
আরও পড়ুন:
গাম্বিয়ার আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাওদা জ্যালো বলেন, ‘এই জয় রোহিঙ্গাদের। তারা অটল ছিলেন, নিজেদের ওপর চালানো নির্যাতনের সাক্ষ্য দিয়েছেন এবং আজ শেষ পর্যন্ত বিশ্ব তাদের কথা বিশ্বাস করেছে।’
নেদারল্যান্ডস হেগের রোহিঙ্গা মানবাধিকার কর্মী ইয়াসমিন উল্লাহ বলেন, ‘প্রথমে রায় শুনে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো, যা শুনছি তা যেন অবাস্তব। আদালতের রায় ঘোষণার পরও একরকম ঘোরের মধ্যে ছিলাম। নিজেকে চিমটি কেটে দেখেছি যে সত্যিই ঠিক শুনছি কি না। নিশ্চিত হতে চারপাশে তাকাচ্ছিলাম। রায় শুনতে শুনতে আমাদের সম্প্রদায়, আমার পরিবার আর আশপাশের অসংখ্য মানুষের ওপর চালানো নির্যাতন-নিপীড়নের স্মৃতিগুলো আবার চোখের সামনে ভেসে উঠছিল।’
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে’র রায়ে সন্তোষ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ স্বীকৃতি পাওয়ার পর আইসিজে’র নির্দেশনা বাস্তবায়নে দেশটির প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার জান্তার ওপর সম্মিলিতভাবে চাপ প্রয়োগ এবং সংঘাতময় পরিস্থিতিতে মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জাতিসংঘের।
জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ‘মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য করতে বিশ্বের সব দেশের উচিত সম্মিলিত চাপ সৃষ্টি করা। আমরা চাই, চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ, অপরাধের তদন্ত, দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী যেন কার্যকর পদক্ষেপ মিয়ানমার নেয়। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ বসতভিটায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করার মাধ্যমে যথাযথ, কার্যকর ও দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে।’
আদালতের রায়ের একদিন পেরোলেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি গণহত্যার অভিযোগ বরাবর প্রত্যাখ্যান করা মিয়ানমার।





