এশিয়ায় ট্রাম্প: এশিয়ায় চীনের খনিজ ও এআই আধিপত্যে লাগাম টানার ঘোষণা

চীনে ডোনাল্ড ট্রাম্প
এশিয়া
বিদেশে এখন
0

এশিয়ায় পা রাখতে না রাখতেই এআই প্রযুক্তি আর দুর্লভ খনিজ খাতে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণের লাগাম টেনে ধরতে মরিয়া ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এশিয়া প্যাসিফিক অঞ্চলের খনিজ সরবরাহ ব্যবস্থায় বেইজিং-এর বিকল্প তৈরি করবে কোয়াডভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। একইসঙ্গে এ অঞ্চলে চীনা প্রযুক্তির বিপরীতে মার্কিন এআই ইকোসিস্টেমের প্রচলন বাড়াতে আঞ্চলিক মিত্রদের নিয়ে দলভারী করছেন ট্রাম্প।

আসিয়ান-কোয়াড-এপেক: বিশ্বের রথীমহারথী আনাগোনায় কূটনীতির রঙ্গমঞ্চ এখন দক্ষিণ-পূর্ব ও প্যাসিফিক এশিয়ায় অঞ্চল। ফিলিপিন্সের ম্যানিলা থেকে চীনের শেনজেন- প্রায় এক কাতারে পুতিন, ট্রাম্প, মোদি, শি জিনপিং।

মধ্যবর্তী নির্বাচনের পরাজয়ের গ্লানি মুছে ফেলে ট্রাম্পের ধ্যানজ্ঞান এখন এই এশিয়া সফর। পুতিন-শি এর সঙ্গে হাইভোল্টেজ বৈঠক, উত্তর কোরিয়ার কিমের সঙ্গে আবারও যোগাযোগ শুরুর আকাঙ্ক্ষা- বিশ্ব গণমাধ্যম যখন মার্কিন প্রেসিডেন্টের এশিয়া সফরকে এভাবেই ব্যাখ্যা করছে, তখন ভিন্ন কৌশলে এগোচ্ছেন ট্রাম্প।

আসিয়ান সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ করেই, কোয়াড সদস্য ভারত-অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। চীনের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ায় মার্কিন প্রযুক্তি ও এআই ইকোসিস্টেমের প্রচলন বাড়ানোর প্রস্তাব দিয়েছে অকপটে। চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত নিরাপত্তা ফোরাম হিসেবে কাজ করে এই কোয়াড। এবারই প্রথম সদস্য রাষ্ট্রের বাইরে বা নন কোয়াড দেশ ফিলিপিন্সে হলো বৈঠক হচ্ছে। সমুদ্র পথে সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং এআই-সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে সদস্যের মধ্যে সহযোগিতা বাড়ানোর ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও খনিজ চুক্তি করতে রাজি হয়েছেন জোটের নেতারা।

এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে কোয়াড দেশগুলো নতুন যৌথ সামরিক মহড়া পরিচালনার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন:

দুর্লভ খনিজের ব্যাপারে চীনা প্রেসিডেন্টকে কী বার্তা দেবে যুক্তরাষ্ট্র, সাংবাদিকের এমন প্রশ্নে সরাসরি জবাব দেননি ট্রাম্প। দুর্লভ খনিজ শিল্পে বেইজিং-এর সঙ্গে প্রতিযোগিতায় নামার কথাও এড়িয়ে গেছেন কৌশলে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র খুবই ভালো করছে। যে পরিমাণে দুর্লভ মৃত্তিকা উত্তোলন করছি, আগে তা কল্পনাই করা যেতো না। আমাদের যা যা প্রয়োজন, তার সবকিছুই ১০ মাসের মধ্যে পেয়ে যাব। আমরাই শুধু না জাপান ও ভারত একইভাবে কাজ করছে।’

সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াং-এর সম্পর্ক, এ নিয়ে এফবিআই’র তদন্ত- এসব নিয়ে বেইজিং-কে আপাতত চটাতে চান না ট্রাম্প। বরং বলেছেন, হুয়াং-কে আবারও প্রধান নির্বাহীর পদে ফেরানো হলে আপত্তি করবেন না। স্পেসএক্স ও টেসলার প্রধান ইলন মাস্কসহ সিলিকন ভ্যালির বেশ কয়েকজন শীর্ষ নির্বাহী এবং ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে হুয়াংকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

ট্রাম্পের লক্ষ্য এখন একইসঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনা প্রযুক্তির বিপরীতে মার্কিন এআই ইকোসিস্টেমের প্রচলন বাড়ানো। এক্ষেত্রে আঞ্চলিক মিত্রদের যেমন দলে ভেড়ানো প্রয়োজন তেমনি প্রযুক্তিখাতে কোনো বড় ধরণের ধাক্কা বা রদবদল বিপাকে ফেলতে পারে মার্কিন প্রেসিডেন্টকে।

এছাড়া এশিয়া সফরের প্রথম দিনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ট্রাম্প। এরপর যৌথ একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন দুই নেতা। এর আওতায় মার্কিন রপ্তানি পণ্য, যানবাহন, চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্র, ইথানল এবং পোল্ট্রি জাতীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করবে থাইল্যান্ড। পাশাপাশি আনুমানিক ২.৬ বিলিয়ন ডলার মূল্যের অতিরিক্ত মার্কিন কৃষি পণ্য কিনতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন অনুতিন। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিকে ট্রাম্পের সাফল্য হিসেবেই দেখছে হোয়াইট হাউজ।

এসএস