এর আগে, গত ৭ জুন পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। মাত্র চার কার্যদিবসে এই আলোচিত মামলার বিচারকাজ শেষ করে ট্রাইব্যুনাল। ওইদিনই হাইকোর্টে শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।
বিচারিক আদালতে রায়ের প্রায় পাঁচ মাস পর সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বিশেষ হাইকোর্ট বেঞ্চে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না বেগমের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ হয়েছে।
একইসঙ্গে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আসামিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন।
আরও পড়ুন:
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আইনের সমস্ত সামগ্রী বিচার-বিশ্লেষণ আমরা করি। আমরা সবসময় সুনিশ্চিত করতে চাই যে, প্রকৃত অপরাধীই যাতে দণ্ড পান, কোনো কারণে নিরপরাধ ব্যক্তি যেন দণ্ডের মুখোমুখি বা অন্যায়ের শিকার না হন। এটা আমাদের সবসময়ই চাওয়া। এই স্ট্যান্ডার্ড থেকে আমরা কখনো সরিনি। আমরা সেভাবেই আজকে সোহেল রানার ব্যাপারে বক্তব্য দিয়েছি।’
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা জবানবন্দিতে তুলে ধরেন ঘাতক সোহেল রানা। তার স্ত্রী তাকে পালাতে সাহায্য করেছে। অপরাধের সঙ্গে দু’জনের সম্পৃক্ততার কথা আদালতে তুলে ধরেন রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, ঘটনার পর থেকে আসামি সোহেল রানা ও তার স্ত্রী কারাগারে আছেন।





