ছুটির বাজারে মাছের দাম বাড়তি; সবজি-মুরগি স্থির

সবজি, মাছ ও মুরগি-ডিমের বাজার
কাঁচাবাজার
বাজার
0

ছুটির দিনে রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির ও মুরগির দাম স্থিতিশীল থাকলেও কেজিতে ৩০ থেকে ৪০ টাকা দাম বেড়েছে মিঠাপানির কিংবা সামুদ্রিক সকল ধরনের মাছের দাম। অন্যদিকে ডিমের বাজারে হাঁসের ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বাড়লেও স্বাভাবিক রয়েছে মুরগির দাম।

সপ্তাহের শেষ দিনের সকাল থেকেই রাজধানীর সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড় ছিল চিরচেনা। এ বাজারে সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ শীতকালীন আগাম সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম রয়েছে কিছুটা স্বস্তিতে।

কাঁচা মরিচ, শিম, বাঁধাকপি ও ফুলকপির দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়ে নতুন আলু বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। এছাড়া গাজর ১৫০, টমেটো ১৩০ ও ধনেপাতা ১৪০ টাকায়। যার কারণে সাধারণ ক্রেতাদের ব্যাগে নতুন সবজির পরিমাণ এখনও সীমিত।

ক্রেতারা জানান, বাজারে নিত্যপণ্যর দাম চড়া। প্রায় সবকিছুর দামই বেড়েছে। ফলে তাদের আয়ের থেকে ব্যয় বাড়ছে দিন দিন।

সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও ছুটির দিনে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে মাছের বাজারে। রুই, কাতল, মৃগেল থেকে শুরু করে পাঙ্গাশ, তেলাপিয়া কিংবা বিভিন্ন সামুদ্রিক মাছ কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, ছুটির সুযোগে বাড়তি মুনাফা নিচ্ছেন ব্যবসায়ীরা।

এদিকে কিছুটা স্থিতিশীল রয়েছে বয়য়লার ও সোনালী মুরগির দাম। ব্রয়লার ১৭০ আর সোনালী বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজিতে। মুরগির ডিম ১২০ থেকে ১৩০ টাকা ডজনে মিললেও, ডজনপ্রতি ১০ টাকা বেড়ে হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২১০ টাকায়।

ছুটির দিনে বাজারে কোনো পণ্যের ঘাটতি না থাকলেও পাইকারি ও খুচরা পর্যায়ে দামের পার্থক্যে সাধারণ ক্রেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ। নিয়মিত ও কঠোর বাজার মনিটরিংয়ের দাবি তাদের।

এফএস