তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, আমাদের অনুদান দরকার, ঋণ নয়। ঋণ দেশের ঋণের বোঝা আরও বাড়াবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের অনুদান প্রয়োজন।’
আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
এর আগে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে কপ-৩১ এ অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল জাতিসংঘের উদ্যোগে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ-৩১) সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় যায়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।’
তিনি বলেন, ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয়তা ও করণীয় কপ৩১ সম্মেলনের মাধ্যমে বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।’
রিজভী বলেন, ‘বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণ, অনুদান, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।’
তিনি বলেন, ‘গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন।’
প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, ‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় সাত-আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কার্যক্রমে অংশ নিয়েছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট প্রাণহানির ঘটনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরছে। ইউরোপের বিভিন্ন দেশেও এ বছর তীব্র তাপপ্রবাহে মানুষের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা জরুরি।’
রিজভী বলেন, ‘জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করতে সম্মেলনে প্রধানমন্ত্রীর তুলে ধরা প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো উপকৃত হবে।’
প্রধানমন্ত্রীর এই সফরকে ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
প্রধানমন্ত্রী কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান।
গতকাল (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।
সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।





