এক দিনে সড়কে ঝরলো ২৭ প্রাণ

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা
দেশে এখন
1

দেশের ৯ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনে ২৭ জন নিহত হয়েছেন। ঈদের দিন গতকাল (শনিবার, ২১ মার্চ) দিবাগত ১২টার পর থেকে আজ (রোববার, ২২ মার্চ) বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুষ্টিয়া, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, নাটোর ও কিশোরগঞ্জে এসব প্রাণহানি ঘটে। এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। পাশাপাশি হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে নারীসহ ৪ জন এবং ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এখন টেলিভিশনের প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইশফাত (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা মো. রাফি (১৮), যাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশফাত উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উজিরভিটা মজিদার পাড়ার বাসিন্দা মো. তৈয়বের ছেলে। আহত রাফি একই এলাকার মোহাম্মদ আবছারের ছেলে।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে দুই আরোহী গুরুতর আহত হন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ওপর উঠে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন। পরে রাফিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে নয়ন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার লুৎফর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন |ছবি: সংগৃহীত

নিহত নয়ন কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা এলাকার রবিউল ইসলামের ছেলে এবং পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন নয়ন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

আরও পড়ুন:

উপজেলার গাগলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাফিকুল ইসলাম শান্তিগঞ্জের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাফিকুল ইসলাম তার দুই বন্ধু নিয়ে মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগান ঘুরতে যাচ্ছিলেন। পথের গাগলী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলাকে মৃত ঘোষণা করেন।

আহত দুই বন্ধুর মধ্যে সাইদুল ইসলারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত বন্ধুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের ডিউটি অফিসার আমজাদ হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মধ্যে একজন নিহত এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয়েছে।

হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। উপজেলার আন্দিউড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মরদেহ |ছবি: এখন টিভি

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্রুতগতির একটি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফেনী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয় আরও পাঁচজন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাস্থল |ছবি: এখন টিভি

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এসময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিলো।

এমতাবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস-অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়।

তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হয়। পাঁচজন আহত হয়। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত কারো নাম পরিচয় জানা যায়নি।

কুমিল্লা

কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে ১২ জন নিহত হয়েছেন। জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন মহিলা ও দুইজন শিশু বলে নিশ্চিত হওয়া গেছে।

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা |ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক জনি বড়ুয়া।

তিনি জানান, রাতে জাঙ্গালিয়া কচুয়ায় চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার চালান।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালী যাচ্ছিলো। রাতে বাসটি জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে উঠলে চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

নাটোর

নিহত জুলফিকার আলি জিল্লু |ছবি: সংগৃহীত

গায়ে হলুদ আজ, কাল বিয়ে। এমন আনন্দঘন মুহূর্তের মাঝেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলফিকার আলি জিল্লু (বিএসসি ইঞ্জিনিয়ার)। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সকালে নিয়ন্ত্রণ হারিয়ে তার ব্যবহৃত গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশেই পার্কিং করা একটি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জিল্লু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনছারুলের ছেলে। জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিনি বনপাড়ায় বোনের বাড়ি থেকে বোন ও দুলাভাইকে আনতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, আনন্দের ঘর মুহূর্তেই শোকের মাতমে পরিণত হয়েছে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন:

দুর্ঘটনা কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি এলাকায় ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, একই মোটরসাইকেলে তিন যুবক যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় (১৮) ও জাবির হোসেন (১৮) নিহত হন।

গুরুতর আহত অপর যুবককে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে এবং সেটি শনাক্তের জন্য অভিযান চলছে।

কক্সবাজার

বাসের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহত |ছবি: এখন টিভি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর রামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- ইয়ামিন ও উজ্জল বিশ্বাস। আহতদের মধ্যে মাহমুদুল হাসান দিপু ও নাজমুল হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, ঈদের রাতেই রূপগঞ্জের শিংলাবো এলাকা থেকে ৬ বন্ধু তিনটি মোটরসাইকেলে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় তারা একটি সড়ক দুর্ঘটনা দেখার জন্য মোটরসাইকেল থামালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা দেয়।

নিহতের মরদেহ স্থানীয় কবরস্থান ও শ্মশানে দাফন করা হয়েছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, ঘটনাস্থল ফেনী হওয়ায় পরিবারের চাইলে সংশ্লিষ্ট থানায় আইনি পদক্ষেপ নেয়া যেতে পারে।

এনএইচ