বৈঠকের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি বাংলাদেশের গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম এবং ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং একটি চিঠি হস্তান্তর করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে শ্রমবাজার ও কর্মসংস্থান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উভয় পক্ষ শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন:
এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা। শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে শিক্ষক বিনিময় এবং একাডেমিক অংশীদারিত্ব নিয়েও মতবিনিময় হয়, যা জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।
এ বৈঠক শেষে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।





