রাড্ডা-ইসিবিতে হামলা: কঠোর অবস্থানে সরকার, পুলিশের গাফিলতিতে ব্যবস্থার আশ্বাস

ভাঙচুর হওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিও
বিশেষ প্রতিবেদন
দেশে এখন
0

রাড্ডাকাণ্ড ও ইসিবিতে হামলার ঘটনায় কঠোর অবস্থানে সরকার। এই দুই ঘটনার বিপরীতে বিএনপি ও সরকারের পদক্ষেপ দলটির নেতাকর্মীদের জন্য কড়া বার্তা— বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে দলটির কোনো কোনো নেতা মনে করেন, এসব ঘটনা সরকারকে ছোট করার জন্যে ঘটানো হতে পারে। যদিও এ বিষয়ে পুলিশের গাফিলতি নিয়ে মন্তব্য করতে নারাজ ডিএমপি। গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস তাদের।

গেল ২৪ সেপ্টেম্বর মধ্যরাত। প্রধানমন্ত্রী তারেক রহমান তখন রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে। এসময় মিরপুর-১ নম্বরে রাড্ডা নারী ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে চালানো হয় তাণ্ডব। এক্সকাভেটরসহ কয়েকশো লোক দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় কেন্দ্রটি। হামলা ও ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। সেবাকেন্দ্রটির ভ্যাকসিনসহ লুট করা হয় নানা সরঞ্জাম। টাঙানো হয় নতুন সাইনবোর্ড।

এই ঘটনার একদিন পর রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউ গিনি প্রপার্টিজে ব্যাপক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে একটি ভিডিও বার্তায় দেখা যায়, সালমান মুক্তাদির অভিযোগ করছেন, চাঁদা না দেয়ায় বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।

ভিডিওতে সালমান বলেন, ‘হু এভার ব্রোক দিস, বিএনপির লোকজন যারা করছে এটা, তোমাদের চাঁদাবাজি কেন টেক ওভার মাই ড্রিম?’

এই দুই ঘটনা ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র শুরু হয় তুমুল সমালোচনা। নড়েচড়ে বসে প্রশাসন। ইসিবির ঘটনায় পূর্বের বিরোধ থেকে সংগঠিত হয়, যেখানে বিএনপি জড়িত থাকার প্রমাণ না পাওয়া গেলেও রাড্ডার ঘটনায় মেলে বিএনপির সংশ্লিষ্টতা। বিলুপ্ত করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুবদল ও ছাত্রদলের কমিটি।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন দলের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। বিএনপির এমন কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন রাড্ডা ক্লিনিকে সেবাগ্রহীতারা।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘যারা অন্যায় করে অন্যায়ের বিচার হলে অন্যায়ের প্রতিবাদ করা সবার উচিত এটা। এটা আমরা যেন সঠিক বিচারটা পাওয়ার জন্য।’

অন্য একজন বলেন, ‘এই ধরনের কাজ যেন যেটা জনগণের সেবামূলক কাজ। সেই জিনিসগুলো যেন বন্ধ না হয় সেটার ওপরে যেকেউ আঘাত না করতে পারে। এই একটার বিচার দেখে সবাই তাদের শিক্ষা নিক।’

সম্প্রতি এমন একাধিক ঘটনার পেছনে পুলিশের কোনো গাফিলতি আছে কি না, এমন প্রশ্নে বিষয়টি তদন্তের মধ্যে আছে বলে জানিয়েছেন ডিএমপি মুখপাত্র। পুলিশের গাফিলতি প্রমাণ হলে বিভাগীয় ব্যবস্থা নেয়ারও কথা জানান তিনি। যদিও রাড্ডার ঘটনায় এরই মধ্যে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপির মুখপাত্র মো. আকতার হোসেন বলেন, ‘তদন্ত কিন্তু চলমানও আছে, মানে প্রতিনিয়ত বিষয়গুলো পর্যালোচনা করছে সিনিয়র কর্তৃপক্ষ যারা কাজ করছেন। যেকোনো ঘটনায় যদি কোনো পুলিশ সদস্যের অবহেলা পরিলক্ষিত হয়, সেই ব্যাপারে ডিএমপি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

এদিকে অপরাধ ও রাজনৈতিক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত কর্নেল জয়নুল আবেদীন মনে করছেন, রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এমন কর্মকাণ্ড ঘটানো হতে পারে। তবে এসব ঘটনার বিপরীতে সরকার ও বিএনপির নেয়া পদক্ষেপ নেতাকর্মীদের জন্য হতে পারে এক কঠোর বার্তা।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দলকে যারা ক্ষতিগ্রস্ত করে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এই ধরনের দুর্নীতি, অপরাধ করে তাদের জন্য এটা অবশ্যই একটা মেসেজ। যে না, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার যদি কোনো খবর পাওয়া যায় বা সত্যতা পাওয়া যায়, তাহলে একটা স্ট্যান্ড অ্যাকশন হবে।’

আর বিএনপির নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মনে করছেন, বিএনপিকে ছোট করতেই এমন কর্মকাণ্ড ঘটানো হতে পারে।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, ‘এখানে ওই ফ্যাসিস্টের লোকজনও আছে এবং আমাদের দলেরও কিছু ছিল, বিএনপিরও কিছু লোক ছিল। এই বিষয়গুলো একটা হয়তো তারা সুযোগ নেয়ার চেষ্টা করেছে। আর দ্বিতীয় হচ্ছে মানিকদির নামাপাড়ার যে ঘটনাটা, স্টুডিও ভাঙার, এটা অ্যাবসিউলিটি এটা হচ্ছে বিএনপিকে ছোট করার জন্য এটা সাজানো নাটক মাত্র।’

রাড্ডার ঘটনায় এখন পর্যন্ত ১৩ ও ইসিবির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

এসএস