রাজধানীতে দুই মরদেহ উদ্ধার: মোবাইলের সূত্র ধরে ১ জনের পরিচয় শনাক্ত

মরদেহের প্রতীকী
দেশে এখন
0

রাজধানীর শাহবাগ থানাধীন এলাকা থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পুরুষের নাম পারভেজ আহমেদ পলাশ (৫০)। তবে নিহত নারীর পরিচয় জানা যায়নি, তার বয়স ৬৩ বছর।

গতকাল (সোমবার, ১৬ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশের ফুটপাত থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ জানান, সকালে নতুন ভবনের তৃতীয় তলার একটি লিফটের পাশে ভবঘুরে বেশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পান হাসপাতালের স্টাফরা। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির নাম পারভেজ আহমেদ পলাশ (৫০)। তার বাড়ি চাঁদপুরে।

নিহতের বোনজামাই মো. আব্দুল খালেক জানান, পলাশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগে একবার ব্রেন স্ট্রোকও করেছিলেন। তিনি সাধারণত নিজের বাড়িতে থাকতেন না; বেশিরভাগ সময় বাইরে বা বিভিন্ন মাজারের আশপাশে ঘুরে বেড়াতেন এবং রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে এসে ঘুমাতেন।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। হাসপাতালের মর্গে থাকা অবস্থায় তার মরদেহের সঙ্গে একটি মোবাইলফোন ও কিছু টাকা পাওয়া যায়। সেই নম্বরের সূত্র ধরেই হাসপাতাল থেকে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়।

আরও পড়ুন:

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পলাশের বাবা-মা ও ভাই আগেই মারা গেছেন এবং বর্তমানে তার পরিবারে শুধু এক বোন বেঁচে আছেন।

এদিকে, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজা আক্তার জানান, জগন্নাথ হলের পাশের ফুটপাত থেকে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন পথচারীরা। পরে বিকেলের দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত নারীও দেখতে ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সিআইডি ফরেন্সিক টিমকে খবর দেয়া হয়েছে এবং তারা নিহত নারীর পরিচয় শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দু’টি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর মধ্যে পুরুষ ব্যক্তির পরিচয় পাওয়া গেলেও নারীটির পরিচয় শনাক্তসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএইচ