ব্যাপক সমালোচনার মুখে ফিফায় জরুরি বৈঠক ডাকলেন ইনফান্তিনো

ফিফা সভাপতি ইনফান্তিনো
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে ফিফায় জরুরি বৈঠক ডেকেছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর রাবাতে সাম্প্রতিক জটিলতা অবসানে বৈঠকে বসতে যাচ্ছে ফিফা এক্সিকিউটিভ কমিটি। গুঞ্জন আছে, নিজের ওপর আস্থা ফেরাতেই সংস্থার শীর্ষ ব্যক্তিত্বদের বৈঠকে ডেকেছেন ইনফান্তিনো।

বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাণিজ্যিকভাবে বিক্রয়ের পরিকল্পনা করার পর থেকেই সমালোচনার মাঝে আছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। জুরিখের সদরদপ্তরে নিজের আশপাশের মানুষদের আস্থাই হারিয়েছেন ইনফান্তিনো। ফিফার গ্লোবাল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার এবং দুই সেক্রেটারি জেনারেল ম্যাতিয়াস গ্রাফস্টর্ম ও প্রিন্স আলী সরাসরি সমালোচনা করেন এমন বাণিজ্যিক পরিকল্পনার।

এমনকি বাণিজ্যিক এই মডেলের কারণে একাধিক মহাদেশীয় সংস্থা অনাস্থা জানায় ফিফা প্রধানকে নিয়ে। এমন অবস্থায় মরক্কোর রাবাতে বুধবার ফিফার বৈঠক ডেকেছেন ইনফান্তিনো। গেল এক সপ্তাহ ধরেই রাবাতে অবস্থান করছিলেন ফিফা সভাপতি। সেখানেই আলোচনায় বসবেন তারা। জরুরী এই বৈঠকে ইনফান্তিনো নিজের সিদ্ধান্ত এবং সংকট নিয়ে আলোচনা করতে চান বলে উল্লেখ করেছে বৈশ্বিক গণমাধ্যমগুলো।

আরও পড়ুন:

অবশ্য এই বৈঠক শুধুই সংকট নিরসনের জন্য নাও হতে পারে। আগামী বছরের নির্বাচনের আগে নিজের নড়বড়ে অবস্থা ঠিক করতেই ফিফা সভাপতির এমন তোড়জোড় বলেও ধারণা করা হচ্ছে। আবার ইনফান্তিনোকে ফিফা সভাপতির চেয়ারে দেখা যাবে কি না, তা নিয়েও আলোচনা হতে পারে। এক্সিকিউটিভ কমিটির অনাস্থা থাকলে সভাপতির পদ থেকে সরে যেতে বাধ্য হবেন ইনফান্তিনো।

তবে, এসবের বাইরেও আলোচনা হতে পারে ৬৪ দলের বিশ্বকাপ এবং অন্যান্য বৈশ্বিক আসরের পরিকল্পনা নিয়ে। ফিফাকে নিয়ে গেল দুই সপ্তাহের নাটকীয়তার শেষের সম্ভাবনাও থাকছে এই আলোচনায়।

এফএস