বগুড়ায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা; জলাবদ্ধতা-যানজটের ভোগান্তিতে নগরবাসী

জলাবদ্ধতা-যানজটের ভোগান্তিতে বগুড়াবাসী
এখন জনপদে
0

বাংলাদেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের দাপ্তরিক কাজ শেষ হলেও মাঠ পর্যায়ে এখনো মেলেনি সিটি করপোশনের সুযোগ-সুবিধা। যানজট, জলাবদ্ধতা আর বেহাল ড্রেনেজ ব্যবস্থায় নাজেহাল বগুড়াবাসী। উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে দ্রুত নাগরিক সুবিধা বাড়ানোর দাবি বগুড়াবাসীর।

প্রতি বছরই বর্ষায় পানি বন্দী হয়ে পড়ে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের বাসিন্দারা। মৌসুমের শুরু থেকেই সামান্য বৃষ্টিপাতে বাড়ে জলাবদ্ধতার ভোগান্তি। মাঝ বর্ষায় মৌসুমি বায়ুর প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতায় ভাসছে বগুড়া শহরের বেশ কিছু এলাকা।

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও ড্রেনের স্বল্পতায় সময় মতো বৃষ্টির পানি নিষ্কাশন হয় না। ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়ে নগরীর নারুলী, কৈপাড়া, সেউজগাড়ি, বাদুরতলাসহ বেশ কিছু এলাকার হাজার হাজার মানুষ। তাদের দাবি, দীর্ঘদিনের অবহেলিত বগুড়া পৌরসভা সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেলেও সেটা শুধু কাগজে-কলমে নয়- এবার যথাযথ নাগরিকসেবা।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তা। এতে রিকশা, ভ্যান এমনকি সাইকেলে চলাচলের উপযোগীও থাকে না রাস্তাগুলো। দীর্ঘদিন যাবৎ এ এলাকার মানুষ এমন ভোগান্তির শিকার হচ্চে বলেও দাবি করেন অনেকে। তাই অতি দ্রুত এ এলাকার সংস্কার চান তারা।

আরও পড়ুন:

জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনার ভাগাড়, অনিয়ন্ত্রিত যানজট আর খানাখন্দে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা থেকে মুক্তি চান নগরবাসী। নগরীর ভেতরে এই হাল আর বর্ধিত অংশের কোথাও কোথাও এখনও পৌঁছেনি নাগরিকসেবা। তাই শুধু কাগজে-কলমে সিটি করপোরেশন নয় দ্রুত এসব সমস্যার সমাধান করে নগরীকে বসবাস উপযোগী করে গড়ে তোলার দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানান, যানজট বেশ প্রকট আকার ধারণ করেছে এ শহরে। তারা এ ভোগান্তি থেকে মুক্তি পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন।

বিচ্ছিন্নভাবে নয়, মাস্টার প্ল্যান অনুযায়ী বগুড়ার উন্নয়ন হবে বলে জানান নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে, মাস্টারপ্ল্যান আসছে। সেই পরিকল্পনা অনুযায়ীই আমরা আমাদের এই বগুড়া শহরকে এগিয়ে নিয়ে যাবো।’

প্রায় ৭০ বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া সিটি করপোরেশন এলাকায় ১০ লাখ মানুষের বসবাস। নতুন সিটি করপোরেশন হিসেবে সব নাগরিক সুযোগ-সুবিধার আওতায় আসবে বগুড়া— এই প্রত্যাশা সিটি করপোরেশনের বাসিন্দাদের।

এসএইচ