ইসরাইলের যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতে; কোণঠাসা নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
0

ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বেশ দম্ভের সঙ্গেই প্রচার করেছিলেন যে তার দেশ যুক্তরাষ্ট্রের অংশীদার হিসেবে আঞ্চলিক পরাশক্তি ইরানের বিরুদ্ধে এক বড় যুদ্ধে লড়ছে। কিন্তু যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে।

ইসরাইলে এখন মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যুদ্ধের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলে তেল আবিব নয়, বরং ওয়াশিংটন থেকে আসছে। আল জাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে চলমান যুদ্ধবিরতির বিষয়টি এর বড় উদাহরণ। এই যুদ্ধবিরতি নেতানিয়াহুর ইচ্ছায় হয়নি, এমনকি তিনি এটি চাননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে ইসরাইল তা মেনে নিতে বাধ্য হয়েছে। ইসরাইলের ভেতরে এখন এই রূঢ় বাস্তবতা নিয়ে আলোচনা চলছে যে ইরান ও তার মিত্রদের সঙ্গে এই লড়াই শেষ পর্যন্ত একটি অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি ক্ষয়িষ্ণু যুদ্ধে (ওয়ার অফ অ্যাট্রিশন) রূপ নিতে পারে।

ওয়াশিংটনের পরবর্তী সংকেতের অপেক্ষায় দিন গুনতে থাকা নেতানিয়াহুর জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একদিকে যুদ্ধে ক্ষয়ক্ষতির পাল্লা ভারী হচ্ছে, অন্যদিকে জনমত জরিপেও তার জনপ্রিয়তা আশঙ্কাজনকভাবে কমছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হোয়াইট হাউসের সবুজ সংকেত ছাড়া এই মুহূর্তে নেতানিয়াহুর সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই।

এএম