ট্রাম্পকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড

ইরানের রাজধানী তেহরানে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ষড়যন্ত্রে জড়াতে বাধ্য হয়েছিলেন বলে সাক্ষ্যে জানান মার্চেন্ট
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে আসিফ মার্চেন্ট নামের এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছরের বেশি (৩৩০ মাস) কারাদণ্ড দেয়া হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার বদলা নিতে এই ছক কষা হয়েছিল বলে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার দপ্তর জানিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি আদালত দেখতে পেয়েছেন, ইরানের সঙ্গে কথিত যোগসাজশ থাকা আসিফ মার্চেন্ট যুক্তরাষ্ট্রে একজন রাজনীতিবিদ বা সরকারি কর্মকর্তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন। দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনার সময় ২০২৪ সালের ১২ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।

ইরানের বৈদেশিক সামরিক অভিযানের প্রধান কাসেম সোলেইমানি ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। ইরানি কর্মকর্তারা বারবার তার হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালতে দেয়া সাক্ষ্যে মার্চেন্ট জানিয়েছিলেন যে ইরানের রাজধানী তেহরানে থাকা তার পরিবারকে আইআরজিসির হাত থেকে বাঁচাতে তাকে এই ষড়যন্ত্রে জড়াতে বাধ্য করা হয়েছিল। কারও প্রাণ যাওয়ার আগেই তিনি ধরা পড়বেন বলেও ধারণা করেছিলেন। মার্চেন্টের দাবি, তাকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ দেয়া হয়নি। তবে ইরানি যোগাযোগকারী ব্যক্তি এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত হিসেবে তিনজনের নাম উল্লেখ করেছিলেন—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ মঙ্গলবার জোর দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করেই এই ষড়যন্ত্র করা হয়েছিল। মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেয়ার পর এক বিবৃতিতে ব্লাঞ্চ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টার সমন্বয় করতে যুক্তরাষ্ট্রে আসা এক ইরানি এজেন্টকে তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য উপযুক্ত সাজা দেয়া হয়েছে। আমাদের নেতাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী ষড়যন্ত্র বিচার দপ্তর সহ্য করবে না এবং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত থামবে না।’

মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছিলেন, মার্চেন্টের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তার এই কথিত ষড়যন্ত্র ইরানি শাসকগোষ্ঠীর চিরচেনা কৌশলেরই অংশ।

এএম