বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বড় ধরণের রদবদলের পরিকল্পনা থেকেই ক্ষমতা গ্রহণের পরপরই ঢালাওভাবে বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করেন ট্রাম্প। সুপ্রিম কোর্টের নির্দেশে তা বাতিল হলে, পরে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের তদন্তের ভিত্তিতে ফের ১৪টি দেশের আমদানি পণ্যে নতুন করে শুল্কারোপের ঘোষণা দেয় হোয়াইট হাউস। সর্বোচ্চ হার বসানো হয় বেইজিংয়ের পণ্য। রয়টার্সের বিশ্লেষণ, চীনের সঙ্গে বিশ্ববাজারে টেক্কা দিতেই এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের।
বিশ্লেষকদের পূর্বাভাস, আসন্ন জি টুয়েন্টি সম্মেলনে দ্বিপক্ষীয় চুক্তি ও আলোচনার মাধ্যমে চীনা পণ্য আমদানি ও বিনিয়োগে কঠোর বিধিনিষেধ আরোপে মিত্র দেশগুলোকে একপ্রকার বাধ্য করবেন ট্রাম্প। আর ১০ জানুয়ারির মধ্যে বেইজিং-ওয়াশিংটন বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নতুন আলোচনা শুরু আগে নতুন শুল্কহারকে অস্ত্র হিসেবেই ব্যবহার করবেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, বর্তমানে কার্যকর থাকা ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি চীনের ওপর শুল্ক আরও ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। শুরুতে আরোপ করা ২৫ শতাংশ শুল্কের ব্যাপারে ওয়াশিংটন-বেইজিং একটি সমঝোতায় এসেছিল। শেষ পর্যন্ত তা ভঙ্গ হলে শর্ত অনুযায়ী শুল্কের হার সর্বোচ্চ ৪০ শতাংশে পৌঁছাতে পারে। কারণ, টানা দ্বিতীয় বছরের মতো ১ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করা দেশটির পণ্য আমদানি ও বিনিয়োগ নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নেয়নি হোয়াইট হাউজ।
বাণিজ্য দপ্তরের তদন্তের ভিত্তিতে হোয়াইট হাউজের দাবি, ভিয়েতনামকে নিয়ে তদন্ত প্রতিবেদনে চীনা সংশ্লিষ্টতার পর্যাপ্ত প্রমাণ মিলেছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত প্রতিবেদনেও চীনা সম্পৃক্ততার স্পষ্ট উল্লেখ রয়েছে। এর অর্থ খুবই সহজ, ভিয়েতনাম বা ইইউভুক্ত রাষ্ট্রগুলো চীনা পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। শুল্কের ভয়ে ইউরোপের সঙ্গে বেইজিংয়ের বাণিজ্য সম্পর্কে কিছুটা ভাটা পড়লে সুবিধা পাবে ট্রাম্প প্রশাসন।
এখানে মার্কিন কূটনীতিকদের দাবি, চীনা অর্থনীতি বৈশ্বিক চাহিদা পূরণের চেয়ে সরবরাহেই বেশি অবদান রাখে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি পাল্টা পদক্ষেপ নিতে হয়, তবে অংশীদারদের সঙ্গে সমঝোতায় আসার জন্য বেইজিংকে বড় ছাড় দিতে হবে। এতে সরাসরি বড় ধরণের সুবিধা না পেলেও পরোক্ষভাবে লাভই হবে ওয়াশিংটনের।





