সমুদ্রসীমায় জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করলো নৌবাহিনী

চট্টগ্রাম
বাংলাদেশ নৌবাহিনীর লোগো
দেশে এখন
0

দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নৌবাহিনী জানায়, আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এলএনজি, এলপিজি, ক্রুড অয়েলসহ বিভিন্ন জ্বালানি বহনকারী জাহাজের নিরাপদ চলাচল ও নোঙর নিশ্চিত করতে সমুদ্রপথে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।

আরও জানানো হয়, বর্তমানে বন্দর জলসীমায় ১৩টি জ্বালানিবাহী জাহাজ রয়েছে। এর মধ্যে ৫টি থেকে জ্বালানি খালাস চলছে। আগামী দুইদিন আরও দু’টি জাহাজ আসবে চট্টগ্রাম বন্দরে।

আরও পড়ুন:

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুটগুলোতে যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকেও নজরদারি চালানো হচ্ছে।

যদিও সম্ভাব্য নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে নৌবাহিনী বলছে, সম্ভাব্য নাশকতা, জলদস্যুতা বা চোরাচালান প্রতিরোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অপারেশনাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম পরিচালনা করছে এবং এর ফলে দেশের জ্বালানি আমদানি ও পরিবহন ব্যবস্থার নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করা হয়।

এসএইচ