সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ ও বিজিবি সদস্যদের দেখতে আজ (শনিবার, ২৮ নভেম্বর) হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় সালাউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পুলিশের ওপর হামলা করলে কঠোর হাতে দমন করবে সরকার।’ এছাড়া এসব নাশকতায় বিদেশ থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে উস্কানির অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে আহত বিজিবি সদস্যদের দেখতে শহীদ জাকির বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘সীমান্তের ওপার থেকে কেউ নাশকতা করতে চাইলে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।’
আরও পড়ুন:
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাতটি জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্য নিহত ও আহত হওয়া, থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় উদ্বেগ বাড়ছে। পুলিশের হিসাবে, চলতি বছরের প্রথম দশ মাসেই বাহিনীর ওপর হামলা হয়েছে ৪৮৪টি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে মাত্র দুই দিনের ব্যবধানে দু’টি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। পুড়িয়ে দেয়া হয় থানায় থাকা ১০টি যানবাহন। ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ নথিপত্র ও পুলিশি স্থাপনা। এসময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য।





