যশোরে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ট্রাকচালক, আহত হেলপার

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়; ইনসেটে নিহত চালকের ছবি
এখন জনপদে
0

যশোরে একটি কয়লাবাহী ট্রাকে খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার রায়হান। নিহত চালকের নাম মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে।

আজ (রোববার, ১০ মে) দুপুরে অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১২টার দিকে ট্রাকটি ভাঙ্গাগেট এলাকায় আকিজ এসেনশিয়ালের কয়লা ডিপোর দিকে যাচ্ছিলো। অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা মেইল ট্রেনটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মনোয়ার হোসেন প্রাণ হারান।

আরও পড়ুন:

আহত হেলপার রায়হানকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, ওই রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় চালক ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ওই রুটে কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসএইচ