‘যুদ্ধের জন্য প্রস্তুত থাকাই শান্তি বজায় রাখার সবচেয়ে কার্যকর উপায়।’—বলেছিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক, প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে এবার প্রেসিডেন্ট ওয়াশিংটনের সেই মন্ত্রকেই যেন কঠোর সঙ্কল্প করলেন ইরানী নারী সমাজ।
ফের ইরানে মার্কিন-ইসরাইলি হামলা শূরুর আশঙ্কার মধ্যে তেহরানে নারীদের আত্মরক্ষার জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে ইরানের সামরিক বাহিনী। যুদ্ধে নারীদের অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে নারীদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে আইআরজিসি।
চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান সরকার দেশজুড়ে সাধারণ নাগরিকদের প্রস্তুত করতে ‘জানফাদা’ বা দেশমাতৃকার জন্য উৎসর্গীকৃত বা আত্মত্যাগ- নামে একটি দেশব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই নারীদের বিশেষ এই সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
ইরানি নারীদের মধ্যে একজন বলেন, ‘দুর্ভাগ্যবশত যদি স্থলযুদ্ধ শুরু হয়। যদি এমন সময় আসে যখন শহর ও পাড়া-মহল্লায় কোনো পুরুষ অবশিষ্ট থাকবে না, তখন নারীদের আত্মরক্ষা করতে হবে। ইনশা আল্লাহ, পাল্টা আঘাত হানতে সক্ষম হব আমরাও।’
আরও পড়ুন:
তেহরানের ঐতিহাসিক আজাদি স্কয়ার এবং ইমাম হোসেন স্কয়ারসহ বিভিন্ন স্থানে এই বিশেষ ক্যাম্পগুলো খোলা হয়েছে। আইআরজিসি এবং বাসিজ আধাসামরিক বাহিনী নারীদের প্রধানত একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছে। পাশাপাশি চলছে জিপ লাইন বা দড়ির সাহায্যে যাতায়াত,ড্রোন পরিচালনা ও জরুরি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ।
ইরানি সামরিক কর্মকর্তাদের ভাষ্য, যদি কোনো কারণে স্থল যুদ্ধ শুরু হয়, শহর প্রতিরক্ষায় পুরুষের ঘাটতি দেখা দেয়, তাহলে নারীরা যেন সম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে নিজ পরিবার ও শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যবস্থা।
নারীদের মধ্যে একজন বলেন, ‘আমাদের পারমাণবিক বোমার প্রয়োজন নেই। আমাদের শহিদ নেতা ঘোষণা করেছিলেন, আমাদের পারমাণবিক বোমা হলো আমাদের প্রিয় মানুষের উপস্থিতি। এই স্বেচ্ছাসেবীরা, যারা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। সারা বিশ্ব বিস্মিত হয়ে ভাবছে, কীভাবে এই মানুষগুলো আট মাস ধরে রাস্তায় ও চত্বরে দাঁড়িয়ে বিপ্লব রক্ষা করে চলেছে।’
এছাড়া সম্প্রতি মাটির গভীরের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের একটি বিশাল ঘাঁটি উন্মোচন করেছে আইআরজিসির মহাকাশ বিভাগ। ভূগর্ভস্থ এ ঘাঁটিতে বিপুল পরিমাণ কঠিন ও তরল জ্বালানিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণ ব্যবস্থা প্রদর্শন করা হয়। যার মধ্যে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ এবং দূরপাল্লার ‘খোররামশহর’ ক্ষেপণাস্ত্রও রয়েছে।
আইআরজিসির তথ্য অনুযায়ী, এটি কেবল ক্ষেপণাস্ত্রের সংরক্ষণাগার বা ডিপো নয়, বরং মাটির গভীরের একটি ‘ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী শহর’। ভারী বোমা হামলার মধ্যেও এখন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কাজ সচল থাকবে। এছাড়া ইরান এরইমধ্যে ক্ষেপণাস্ত্রের পাল্লা বা রেঞ্জের সর্বোচ্চ ২ হাজার কিলোমিটারের আইনি সীমাবদ্ধতা তুলে নিয়েছে। তাই ভুল করলেই মধ্যপ্রাচ্য বা তার বাইরেও শত্রুপক্ষকে কঠোর আঘাত হানা হবে বলে তাদের হুঁশিয়ারি।





